জেরুসালেম, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শন্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরাসরি বৈঠক পর্ব আবার শুরু হয়েছে সোমবার। গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ১২০ ফিলিস্তিনির মৃত্যুর পর ইসরায়েলের সঙ্গে আলোচনা ভেঙ্গে দিয়েছিলেন আব্বাস।
সোমবারের এ বৈঠকই ১৯ ফেব্র"য়ারির পর দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।
তবে এর মধ্যে ইসরায়েলের প্রধান আলোচক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি এবং ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ কুরেই নিয়মিতভাবে বৈঠক করেছেন এবং দুই পক্ষের যোগাযোগ রক্ষা করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
এ বৈঠকের আগে রোববার পশ্চিম তীরে ফাতাহ দলের অনুসারীদের উদ্দেশ্য করে আব্বাস বলেন, "আমরা পুরো আন্তরিকতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সব 'চূড়ান্ত নিষ্পত্তি' ইস্যুর সুরাহা করতে চাইছি। কিন্তু তা অবশ্যই যে কোনো মূল্যের বিনিময়ে নয়।"
ওদিকে, ওলমার্টের সঙ্গে আলোচনাকে একটা 'প্রহসন' বলে অভিহিত করে আসছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী দল হামাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯৩৫ ঘ.
bdnews24