বাগদাদ, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিলিশিয়া বাহিনী 'মেহেদি আর্মি' ভেঙে না দিলে শিয়া নেতা মুকতাদা আল সদর ও তার দলকে রাজনীতিতে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। তিনি বলেন, মেহেদি আর্মির অবসান না ঘটালে সদর মুভমেন্টকে আসন্ন নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। সোমবার সিএনএন টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে মালিকি এ হুমকি দেন ।
উল্লেখ্য, অক্টোবরে ইরাকে প্রদেশিক নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সদরকে এই নির্বাচনে নিষিদ্ধ ঘোষণার আল্টিমেটাম দিয়ে মালিকি ইরাকে সহিংসতার আশঙ্কা ও ঝুঁকি আরও বাড়ালেন। আর সহিংসতা আবার শুরু হলে তা রূপ নেবে ইরাকে গত বছর অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতে।
ইরাকের রাজধানী বাগদাদে সদরের শক্ত ঘাঁটি সদর সিটিতে ইরাকি সেনাবাহিনীর অভিযান শুরুর পর মালিকি এ হুমকি দিলেন। সদর সিটিতে ইরাকি সেনাবাহিনীর ওই অভিযানের প্রেক্ষিতে রাজধানী বাগদাদে আবারও সহিংসতা শুরু হয়েছে। প্রসঙ্গত, সদর তার অনুসারীদের রাজপথ ছেড়ে দিতে বলার পর গত এক সপ্তাহ বাগদাদের পরিবেশ ছিল বেশ শান্ত।
সিএনএন টেলিভিশনের ওয়েব সাইটে প্রকাশিত ওই সাক্ষাৎকারে মালিকি বলেন, "একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা যতক্ষণ না মেহদি আর্মিকে নিষিদ্ধ করছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় বা আসন্ন প্রাদেশিক নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।"
সদরের অনুসারীরা এবারই প্রথমবারের মতো প্রাদেশিক সরকারের পদগুলোয় প্রতিযোগিতা করতে চাইছে। প্রসঙ্গত, ইরাকের দক্ষিণাঞ্চলের অর্ধেকের বেশি এলাকার নিয়ন্ত্রণ করে থাকে এ প্রাদেশিক সরকার।
ধারণা করা হচ্ছে, আসন্ন এ নির্বাচনে প্রধানমন্ত্রী মালিকি সমর্থিত কম জনপ্রিয় শিয়া দলগুলো ব্যাপক ব্যবধানে সদরের অনুসারীদের কাছে পরাজিত হবে।
ওদিকে, সদরের অনুসারীরা জানিয়েছেন, মেহদি আর্মি মিলিশিয়া নিষিদ্ধ করার ক্ষমতা কর্তৃপক্ষের নেই।
এ বিষয়ে সদরের এক মুখপাত্র সালাহ আল-উবাইদি বলেন, "মেহদি আর্মির প্রতিষ্ঠাতা এবং ধর্মীয় নেতারা ছাড়া অন্য কেউই এ বাহিনীতে হস্তক্ষেপ করতে পারবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৩ ঘ.
bdnews24