বাগদাদ, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে রোববার নতুন করে সৃষ্ট সহিংসতায় ৫ মার্কিন সেনা এবং ২৫ ইরাকি নিহত হয়েছে। শিয়া নেতা মুকতাদা আল-সদর তার অনুসারী যোদ্ধাদের রাজপথ থেকে সরিয়ে নেয়ার এক সপ্তাহ পর এই সংঘর্ষের ঘটনা ঘটল।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের সদর সিটিতে বন্দুকধারীদের সঙ্গে মার্কিন ও ইরাকি সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২৫ ইরাকি নিহত এবং আরও ৯৮ জন আহত হয়েছে।
বাগদাদে রকেট বা মর্টার হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছে। নিহত মার্কিন সেনাদের মধ্যে দুইজন মারা যায় বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে। গ্রিন জোনের এ হামলায় আহত হয় আরও ১৭ জন। এটাই এ মাসে বাগদাদে সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনা হতাহতের ঘটনা।
চতুর্থ মার্কিন সেনা দিয়লা প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে মারা যায় এবং বাগদাদের পূর্বাঞ্চলে এক হামলায় মারা যায় পঞ্চম মার্কিন সেনা।
ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ও শিয়া নেতা মুকতাদা আল-সদরের বিরোধের জের হিসেবে যে সংঘর্ষ চলছিল তা শান্ত হওয়ার এক সপ্তাহ পরেই আবার নতুন এই সংঘর্ষের সূত্রপাত হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৪০ ঘ.
bdnews24