কুইটো, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইকুয়েডরের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থাকে নিয়ন্ত্রণ করছে বলে শনিবার অভিযোগ করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া।
দেশটির প্রেসিডেন্টের এ মন্তব্যে কুইটো-ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে এবং কলাম্বিয়ার সঙ্গে ইকুয়েডরের বিরোধে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাফায়েল গোয়েন্দা বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এক উচ্চ পদস্থ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ইকুয়েডরের এক নাগরিকের সঙ্গে কলাম্বীয় বিদ্রোহী গেরিলা বাহিনীর যোগাযোগ থাকার বিষয়টি তাকে বিলম্বে জানানোর জন্য ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন তিনি।
ইকুয়েডরের ওই ব্যক্তি গত মাসে দেশটির অভ্যন্তরে কলাম্বিয়ার এক আকস্মিক আক্রমণে নিহত হন। এ নিয়ে ওই অঞ্চলে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
ইকুয়েডরের প্রেসিডেন্ট তার সাপ্তাহিক বেতার অনুষ্ঠানে বলেন,"আমাদের গোয়েন্দা সংস্থাগুরোর মধ্যে বেশ কয়েকটি সিআইএ'র নিয়ন্ত্রণে চলে গিয়েছে।"
সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, কলাম্বিয়ার সঙ্গে ইকুয়েডরের বিরোধের তথ্য সিআইএ কলাম্বিয়ার কাছে ফাঁস করে দিয়েছে এবং এ থেকে কলাম্বিয়া লাভবান হয়েছে।
এছাড়াও তিনি ইকুয়েডরের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে অর্থ যোগনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন।
কুইটো'র মার্কিন দুতাবাসের মুখপাত্র আর্নাল্ডো আরবেসু এ অভিযোগ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, "যে কোন বিষয়ে ইকুয়েডরের সরকারের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৫৪ ঘ.
bdnews24