ব্যাংকক, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিয়োটো প্রটোকলের স্থলে নতুন একটি বিশ্ব জলবায়ু চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শেষ হয়েছে। জাতিসংঘ সংস্থা 'আইপিসিসি' এ আলোচনার আয়োজন করে। এ আলোচনার মাধ্যমে ২০০৯ সালের শেষ নাগাদ কোপেনহেগেন সম্মেলনে একটি যুগোপযোগী নতুন বিশ্ব জলবায়ু চুক্তি সম্পাদনের পথে যাত্রা শুরু হল।
গত নভেম্বরে বালিতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 'বালি রোডম্যাপ' অনুসারে ২০০৯ সালের শেষ নাগাদ কোপেনহেগেন সম্মেলনে একটি নতুন পূর্ণাঙ্গ জলবায়ু চুক্তি সম্পাদনের পথে আলোচনা এগিয়ে নিতেই ওই বৈঠকে বসেন জাতিসংঘ ও বিভিন্ন দেশের জলবায়ু বিজ্ঞানীরা।
বালি রোডম্যাপ এগিয়ে নিতে কোপেনহেগেন সম্মেলনের আগে মোট ৮দফা আলোচনায় বসার কথা রয়েছে আইপিসিসি বা জাতিসংঘের 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' এর। সে অনুযায়ী শুক্রবার ব্যাংককে শেষ হয় সপ্তাহব্যাপী প্রথম দফা জলবায়ু পরিবর্তন আলোচনা।
জাতিসংঘ সংস্থাটির নির্বাহী সম্পাদক ইভো ডি বোয়ের বৈঠক শেষে ব্যাংককে এক সংবাদ সম্মেলনে বলেন, "কোপেনহেগেনের ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে।"
তিনি বলেন, "আমরা আর কেবল একথা বলবো না যে আগামী বছরের সনম্মেলনে জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমাদের হাতে এখন ছোট ছোট এমন বিষয়-আশয় আছে যা নিয়ে কার্যকর উপায়ে আলোচনা এগিয়ে নেওয়া যাবে।"
কিয়োটো চুক্তির অধীনে বিশ্বের মাত্র ৩৭টি ধনী দেশ ২০১২ সালের মধ্যে তাদের কার্বন নির্গমন মাত্রা কমিয়ে ১৯৯০ সালের স্তরের চেয়ে গড়ে পাঁচ ভাগ কমিয়ে আনতে বাধ্য।
ওদিকে, গত বছরের বালি সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো এ বিষয়ে সম্মত হয় যে, জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতির হাত থেকে বিশ্বকে বাঁচাতে ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনতে হবে।
একইসঙ্গে ২০১২ সালে কিয়োটো চুক্তির মেয়াদ পেরিয়ে যাওয়ার আগেই ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে নতুন জলবায়ু চুক্তি সম্পাদনের বিষয়েও একমত হয় দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৭২৬ ঘ.
bdnews24