সিডনি, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জলবায়ু পরিবর্তনের ফলে গাছে বসবাসকারি অনন্য প্রজাতির অস্ট্রেলীয় কোয়ালার অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। শনিবার প্রকাশিত একটি নতুন গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।
একজন অস্ট্রেলীয় বিজ্ঞানী জানান, কোয়ালা এবং আরও কয়েকটি প্রাণীর প্রধান খাদ্য ইউক্যালিপটাস গাছের পাতা জলবায়ু পরিবর্তনের ফলে খাওয়ার অনুপযুক্ত হয়ে যেতে পারে।
'অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি'র বিজ্ঞানের অধ্যাপক বিল ফোলে'র উদ্ধৃতি দিয়ে উইকেন্ড অস্ট্রেলিয়ান নামের একটি পত্রিকা জানায়, "আমরা দেখতে পাচ্ছি, এই সকল প্রাণীদের প্রধান খাদ্য এ পাতা (ইউক্যালিপটাস) ধীরে ধীরে শক্ত হয়ে খাওয়ার অনুপোযোগী হয়ে যাচ্ছে।"
তিনি আরও জানান,"এই প্রাণীদের জন্য বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে।"
জেমস কুক ইউনিভার্সিটির গবেষক আইভান ললার পরীক্ষা করে দেখতে পান যে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে ইউক্যালিপটাস গাছের পাতার নাইট্রোজেন এবং অন্যান্য পুষ্টিগুণ কমে যাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে ট্যানিনস এর মতো প্রাকৃতিকভাবে বিষাক্ত পদার্থ।
এছাড়াও এর ফলে পাতার আমিষের পরিমাণও কমে যাচ্ছে। কোয়ালাসহ অন্যান্য প্রাণী এই স্বল্প পুষ্টিগুণ সমৃদ্ধ পাতা খেয়ে জীবন ধারণ করে থাকে।
পত্রিকাটি ড. ললারের উদ্বৃতি দিয়ে জানায়, "এই খাদ্যাভ্যাস এই প্রাণীগুলোর জন্য খুবই চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ ছিল। কিন্তু এতে সামান্যতম পরিবর্তনে এদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।"
উল্লেখ্য, কোয়ালা খাদ্যের জন্য পরিপূর্ণভাবে ইউক্যালিপটাস পাতার ওপর নির্ভর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৩১ ঘ.
bdnews24