ওয়াশিংটন, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রতি পাঁচজনে চারজন মার্কিনিই মনে করে যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে। বৃস্পতিবার প্রকাশিত নিউ ইর্য়ক টাইমস এবং সিবিএস নিউজ পরিচালিত জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে। গত ২০ বছরের মধ্যে এবারের জরিপের ফলাফলই সবচেয়ে হতাশাব্যঞ্জক।
২৮ মার্চে ১ হাজার ৩ শ' ৬৮ জন মার্কিনির ওপর জরিপটি পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারী শতকরা ৮১ শতাংশ মার্কিনিই মনে করেন, "দেশ ভুলপথে চলছে।" গত বছর এই মনোভাব পোষণকারী মার্কিনিদের সংখ্যা ছিল ৬৯ শতাংশ। এর আগে ২০০৩ সালে এ সংখ্যা ছিল ৩৫ শতাংশ।
নিউ ইয়র্ক টাইমস জানায়, জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৪ শতাংশ মার্কিনি মনে করে পাঁচ বছর আগের তুলনায় এখন যুক্তরাষ্ট্রে অবস্থা ভালো। অন্যদিকে, ৭৮ শতাংশ মার্কিনি মনে করছে অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে।
পত্রিকাটি আরও জানায়, ১৯৯০ সাল থেকে শুরু হওয়া বাৎসরিক এই জরিপে দেখা গেছে যে, এ বছরই মার্কিন নাগরিকরা দেশ যে পথে পরিচালিত হচ্ছে তাতে সবচেয়ে বেশি অসুখী।
এ বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারাভিযানের সবচেয়ে গুরত্বপূর্ণ ইস্যু হয়ে আছে অর্থনীতি। অর্থনীতিবিদরা দেশে মন্দার আশঙ্কা করছেন। জরিপে অংশ নেয়া বেশির ভাগ মার্কিনিই জানায়, তারা যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন।
নিউ ইর্য়ক টাইমস জানায়, জরিপে অংশ নেয়া মাত্র ২১ শতাংশ মার্কিনি মনে করে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। ১৯৯২ সালের পর এ সংখ্যা সবচেয়ে কম-- যারা মনে করছে অর্থনীতি ভালো অবস্থানে আছে। আর প্রতি তিনজনে দুই জন মার্কিনির বিশ্বাস, দেশের অর্থনীতিতে মন্দাভাব দেখা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/ ১৩৫৬ ঘ.
bdnews24