২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটকদের জন্য ১ মে থেকে আবার উন্মুক্ত তিব্বত

স্বায়ত্বশাসনের দাবিতে বিক্ষুদ্ধ তিব্বত পর্যটকদের জন্য ছয় সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ১ মে থেকে আবার খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়া। তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা স্বায়ত্বশাসনের দাবিতে রাজপথে নেমে আসার পর ১৬ মার্চ থেকে তিব্বতে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয় চীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 05:37 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বেইজিং, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্বায়ত্বশাসনের দাবিতে বিক্ষুদ্ধ তিব্বত পর্যটকদের জন্য ছয় সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ১ মে থেকে আবার খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়া। তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা স্বায়ত্বশাসনের দাবিতে রাজপথে নেমে আসার পর ১৬ মার্চ থেকে তিব্বতে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয় চীন সরকার। তিব্বতের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে জিনহুয়া ও চীনের একটি ইংরেজী দৈনিক জানায়, নিরাপত্তাজনিত কারণে চীনে বিদেশি পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। তিব্বত পর্যটন ব্যুরোর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওই ইংরেজী দৈনিকটি আরো জানায়, 'লাসার সহিংস ঘটনা পর্যটকদের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তবে এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও নিজস্ব সংস্কৃতি সবসময়ই দেশ-বিদেশের পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।' পর্যটন প্রতিষ্ঠানগুলো জানায়, বিভিন্ন পশ্চিমা দেশ থেকে পর্যটকরা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে, পাশাপশি প্রচুর জাপানি শিক্ষার্থীও প্রতিবছর তিব্বত ভ্রমন করে থাকে। চীনের পশ্চিমাঞ্চলীয় হোটেল, দোকান ও ভ্রমনসংস্থাগুলোর কাছ থেকে জানা যায়, সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ এলাকায় প্রচুর সেনা সদস্য মোতায়েন রয়েছে এবং তেমন কোনো পর্যটক আসেনি। চীনের স্থানীয় পর্যটকরাও সহিংসতার ভয়ে তেমন একটা আসছে না। ১৯৫০ সালে সমাজতান্ত্রিক চীনের সেনারা তিব্বতের দখল নেয়। এর পর থেকেই তিব্বতিরা আন্দোলন চালিয়ে আসছে। মার্চে স্বায়ত্বশাসনের দাবিতে তিব্বতের বিভিন্ন মঠের বৌদ্ধ-ভিক্ষুরা লাসার রাজপথে নেমে আসে। চীন সরকার বিক্ষোভ দমনে সামরিক বাহিনী মোতায়েন করে। এ সময় সহিংসতায় সরকারি হিসেবে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়। তবে আন্দোলনকারীদের হিসেবে নিহতের সংখ্যা কমপক্ষে ১৪০ জন। ২০০৮ সালের জুনে বেইজিং অলিম্পিক গেমসের আগে এমন ঘটনা চীন সরকারকে খানিকটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জিএনএ/১১৩২ ঘ.