বেইজিং, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বত পরিস্থিতি ও অন্যান্য স্পর্শকাতর বিষয় নিয়ে সমালোচনার দায়ে বৃহস্পতিবার চীনে এক মানবাধিকার কর্মীর সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির সমালোচনা করে চীনা বৌদ্ধ ধর্মাবলম্বী হু জিয়া (৩৪) রাষ্ট্রের ক্ষমতার অবমাননা করেছেন।
যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে চীনা আদালতের এই রায়ের নিন্দা জানিয়েছে।
বেইজিংয়ের মার্কিন দূতাবাস এক বিবৃতি বলেছে, "আমরা চীনের প্রতি আহ্বান জানাব, মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে তারা অলিম্পিকের এই বছরকে কাজে লাগাবে।"
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, হু জিয়া অপরাধ স্বীকার করে আদালতের রায় মেনে নিয়েছেন। ফলে তুলনামূলকভাবে তার সাজা কম হয়েছে।
হুর আইনজীবী লি জিনসং বলেন, "শেষ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে, হুর কিছু কিছু বক্তব্য দেশের আইনের পরিপন্থি ছিল।"
আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য হু দশ দিন সময় পাবেন। তবে তার আইনজীবী জানিয়েছেন, তিনি সম্ভবত আবেদন করবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24