বাগদাদ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে শক্তিশালী বিক্ষোভের ডাক দিয়েছেন শিয়া আধ্যাত্মিক নেতা মুকতাদা আল সদর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন।
সদরের আহ্বানে আগামী ৯ এপ্রিল বুধবার এই বিক্ষোভ হতে পারে। ওই দিন বাগদাদের পতনের পাঁচ বছরপূর্তি। একই দিন ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে ইরাকে নিযুক্ত মার্কিন কমান্ডারের ভাষণ দেওয়ার কথা আছে। এতে তিনি ইরাক যুদ্ধের অগ্রগতির বিষয়টি তুলে ধরবেন।
এদিকে, বৃহস্পতিবার ইরাকের হিল্লা শহরে জঙ্গিদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় মার্কিন বাহিনী তাদের সাহায্যের জন্য হেলিকপ্টার তলব করে।
এর আগে বুধবার রাতে মার্কিন বাহিনী বসরায় একটি বাড়িতে বোমা বর্ষণ করে। গত রোববার সদরের যুদ্ধ বিরতির আহ্বানের পর থেকে বসরায় পরিস্থিতি কয়েক দিন শান্ত থাকলেও বৃহস্পতিবার থেকে আবার অভিযান জোরদার হয়েছে।
নাজাফ শহরে সদরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "এখন সময় এসেছে দখলদার ও জাতির শত্র"দের প্রত্যাখ্যান করার এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সময় এসেছে, দলখদারদের ভয়াবহ হত্যাযজ্ঞের প্রতিবাদ করার।"
বিক্ষোভের দিন ইরাকবাসীকে শিয়া মতানুসারীদের জন্য পবিত্র শহর নজাফে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। নাজাফে প্রায়ই মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটে।
ইরাকের শিয়া মতালম্বীদের মধ্যে সদরের বেশ প্রভাব রয়েছে। বিশেষ করে তার অনুগত মেহদি আর্মির প্রায় দশ হাজার সদস্য তার নির্দেশ মেনে চলে। গত সস্তাহে এই যোদ্ধারাই বাগদাদ ও বসরায় ইরাকি ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে।
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির ক্ষমতায় আসীন হওয়ার পেছনে সদরের অনেক অবদান ছিল। কিন্তু বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে সদর গত জুলাইয়ে মালিকি সরকার থেকে বেরিয়ে আসেন।
তারপরও সদর তার অনুগত মেহদি আর্মিকে অস্ত্রবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গত মাসে সদর আবারও দেশব্যাপী অভ্যুত্থানের ডাক দিলে মালিকির নির্দেশে মেহদি আর্মির বিরুদ্ধে বসরায় অভিযান শুরু করে ইরাকি নিরাপত্তা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২০ ঘ.
bdnews24