২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ম্যালেরিয়ার সম্ভাবনা ব্রিটেনে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্রিটেনে ম্যালেরিয়া ও অন্যান্য রোগ ছড়াতে পারে। সেইসঙ্গে ঘন ঘন দাবদাহের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে জনস্বাস্থ্যে। ব্রিটিশ চিকিৎসকরা বৃহস্পতিবার এই আশঙ্কার কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

লন্ডন, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্রিটেনে ম্যালেরিয়া ও অন্যান্য রোগ ছড়াতে পারে। সেইসঙ্গে ঘন ঘন দাবদাহের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে জনস্বাস্থ্যে। ব্রিটিশ চিকিৎসকরা বৃহস্পতিবার এই আশঙ্কার কথা বলেছেন। ম্যালেরিয়ার মতো রোগ ব্রিটেনে অপরিচিত। কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এ অবস্থার পরিবর্তন ঘটতে পারে কয়েক দশকের মধ্যেই। ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। বিএমএ'র 'সায়েন্স এণ্ড এথিকস' বিভাগের প্রধান ডাক্তার ভিভিয়েনে নাথানসন বলেছেন, "উচ্চ তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাতের কারণে ব্রিটেনে ম্যালেরিয়ার মতো রোগের বিস্তার ঘটতে পারে। যা এখানে কখনও দেখা যায়নি।" উত্তপ্ত আবহাওয়ার কারণে চামড়ার ক্যান্সার, রোদে চামড়া পুড়ে যাওয়া এবং রোদের কারণে স্ট্রোক করার মতো ঝুঁকিও সৃষ্টি হতে পারে। বিএমএর প্রতিবেদনে এই বিরূপ পরিস্থিতি মোকাবেলায় দুরারোগ্য ওইসব রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিনিয়োগ করার জন্য জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীদের বিশ্বাস, জলবায়ু পরিবর্তন মানব স্বাস্থ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। 'অস্ট্রেলিয়ার সেন্টার ফর এপিডেমিওলোজি এণ্ড পপুলেশন হেলথ' এর গবেষক টনি ম্যাকমিশেল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে তার গবেষণা প্রতিবেদনে বলেছেন, অর্থনীতির চেয়ে জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের হুমকি অনেক বেশি। তিনি হিসাব করে বলেন, "২০৮০ সালের মধ্যে বিশ্বব্যাপী ২০ থেকে ৭০ মিলিয়ন লোকের ম্যালেরিয়ার প্রকোপে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৩ঘ.