ওয়াশিংটন, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদ এবং দক্ষিণাঞ্চলে সহিংস পরিস্থিতির মুখেও যুক্তরাষ্ট্র জুলাইয়ে সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাদ দেবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বুধবার একথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান এডমিরাল মাইক মুলেন বলেছেন, "পেন্টাগন পরিকল্পনা মাফিকই ইরাক থেকে ৫টি ব্রিগেড প্রত্যাহার করে নেবে। এর মধ্য দিয়ে গত বছর সেনা বাড়ানোর আগে ইরাকে যে পরিমাণ মার্কিন সেনা ছিল সেনাসংখ্যা সেই পর্যায়ে নামিয়ে আনা হবে।
মুলেন আরও বলেন, "এরপর ইরাক পরিস্থিতি মূল্যায়ন করতে কিছুদিনের জন্য সেনা প্রত্যাহার বন্ধ রাখা হবে। ওই সময়ে ইরাকে মার্কিন বাহিনীর জেনারেল ডেভিড পেত্রাউস কংগ্রেসে ইরাক পরিস্থিতির মূল্যায়ন প্রতিবেদন পেশ করবেন।"
পেন্টাগনে সাংবাদিকদেও মুলেন বলেন, "এ মুহূর্তে আমরা এখনও পঞ্চম ব্রিগেড প্রত্যাহার করে নেওয়ার পথে রয়েছি। এই শেষ ব্রিগেড জুলাইয়ের শেষে ইরাক ছাড়ার কথা রয়েছে। আর তখনই শুরু হবে পরিস্থিতি মূল্যায়নের পরবর্তী ধাপ।"
তবে এই মূল্যায়ন প্রতিবেদনের জন্য কতদিন সময় লাগবে মুলেন তা বলেননি। তিনি কেবল বলেন, "ইরাকের নিরাপত্তা পরিস্থিতির ওপরই ভবিষ্যতে সেনা প্রত্যাহারের বিষয়টি নির্ভর করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪০ঘ.
bdnews24