২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে দালাই লামার 'স্বরূপ' বুঝার আহ্বান চীনের

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা চক্রের স্বরূপ বুঝে বেইজিংয়ের ন্যায়সঙ্গত অবস্থান সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের সরকারি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বেইজিং, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা চক্রের স্বরূপ বুঝে বেইজিংয়ের ন্যায়সঙ্গত অবস্থান সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের সরকারি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। গত মাসে তিব্বতের রাজধানী লাসায় সহিংসতা উস্কে দেওয়ার জন্য দালাই লামাকে অভিযুক্ত করে আসছে চীন। এছাড়া, চীন সরকার তাকে বরাবরই একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে আসছে। লাসায় গত মাসের সহিংসতায় ১৯ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে চীন সরকার। অন্যদিকে, ওই সহিংসতায় প্রায় ১৪০ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করে আসছে তিব্বতের নির্বাসিত সরকার। বৃহস্পতিবার চায়না ডেইলি পত্রিকা জানিয়েছে, চীন সফররত যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হেনরি পলসনের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি "লাসার দাঙ্গার প্রকৃত ঘটনা এবং চীনা সরকারের অবস্থানের বিশদ ব্যাখ্যা দিয়েছেন।" পত্রিকাটি জানিয়েছে, "তিনি জোর দিয়ে বলেন, আইন অনুযায়ী চীন সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা শুধু চীনা জনগণের সমর্থনই পায়নি বরং বিশ্বের অধিকাংশ দেশের কাছ থেকেই এতে সমর্থন পাওয়া গেছে এবং তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছে।" প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত অক্টোবরে দালাই লামাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানসূচক পুরস্কার "কংগ্রেশনাল গোল্ড মেডেল" উপহার দেন এবং তার সঙ্গে আলোচনায় বসতে চীনের প্রতি আহ্বান জানান। সফররত মার্কিন অর্থমন্ত্রী পলসন ইতিমধ্যেই চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ও উপ-প্রধানমন্ত্রী ওয়াং কিশানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার তার চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করার কথা আছে। চীনা প্রেসিডেন্ট হু'র সঙ্গে বৈঠকের সময় তিব্বতি প্রতিবাদ-বিক্ষোভে চীনের ভূমিকার কথা সরাসরি উত্থাপন করার বিষয়টি সম্পর্কে কিছু জানাননি পলসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৬ ঘ.