২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদলের জয়

জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টিকে হারিয়ে বিরোধীদল সমন্বিতভাবে জয়ী হয়েছে। নির্বাচন কমিশন বুধবার একথা জানিয়েছে। এছাড়া, প্রেসিডেন্ট নির্বাচনেও জয় দাবি করেছে বিরোধীদল। নির্বাচন কমিশন জানায়, ২১০ আসনের পার্লামেন্টে প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) ৯৬টি আসনে জিতেছে এবং এমডিসি'র আরকটি উপদল পেয়েছে ৯টি আসন। অন্যদিকে, ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি পেয়েছে ৯৪টি আসন। এছাড়া, একটি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

হারারে, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টিকে হারিয়ে বিরোধীদল সমন্বিতভাবে জয়ী হয়েছে। নির্বাচন কমিশন বুধবার একথা জানিয়েছে। এছাড়া, প্রেসিডেন্ট নির্বাচনেও জয় দাবি করেছে বিরোধীদল। নির্বাচন কমিশন জানায়, ২১০ আসনের পার্লামেন্টে প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) ৯৬টি আসনে জিতেছে এবং এমডিসি'র আরকটি উপদল পেয়েছে ৯টি আসন। অন্যদিকে, ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি পেয়েছে ৯৪টি আসন। এছাড়া, একটি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থী। এমডিসি দাবি করেছে, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট উভয় নির্বাচনেই তারা প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পরাজিত করেছে। দলের মহাসচিব মুগাবেকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এমডিসি মহাসচিব তেনদাই বিটি এক সংবাদ সম্মেলনে জানান, সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তাদের নেতা মরগান সাভাঙ্গিরাই পেয়েছেন ৫০ দশমিক ৩ শতাংশ ভোট। আর প্রেসিডেন্ট মুগাবে পেয়েছেন ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট। তিনি জানান, দ্বিতীয় দফায় ভোটের কোনো প্রয়োজন নেই। তবে জিম্বাবুয়ের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ ৫১ শতাংশ ভোট পেতে হয়। বিটি প্রেসিডেন্ট মুগাবেকে পরাজয় মেনে নিয়ে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর আহ্বান জানিয়েছেন। এক সময়কার সমৃদ্ধশালী দেশ জিম্বাবুয়েতে অর্থনৈতিক ধ্বসের কারণে মুগাবে এই নির্বাচনে নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। মুগাবে সরকার নির্বাচনে এমডিসি'র বিজয় প্রত্যাখ্যান করেছে। বিরোধদলের জয় দাবিকে 'মনগড়া' অভিহিত করে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছে সরকার। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বিরোধীদলের জয় দাবির বিরুদ্ধে হুঁশিয়ার করে সরকার বলেছে, তাদের এসব কর্মকাণ্ড অভ্যুত্থান প্রচেষ্টা বলেই গণ্য হবে। উপ-তথ্যমন্ত্রী ব্রাইট মাতঙ্গা টেলিফোন সাক্ষাৎকারে স্কাই টেলিভিশনকে বলেছেন, "মুগাবে কোথাও যাচ্ছেন না। আমরা কোনো ব্যাপারেই চাপের মুখে পড়ছি না।" এর আগে পশ্চিমা গণমাধ্যম জানিয়েছিল, চুক্তির মাধ্যমে বিরোধীদের ক্ষমতায় বসিয়ে মুগাবেকে নিরাপদে দেশ্যত্যাগ করতে যাচ্ছেন। তবে সরকার ও বিরোধীদল উভয়পক্ষই এই খবর নাকচ করে দিয়েছে। বিরোধীদলীয় নেতা সাভাঙ্গিরাই মঙ্গলবার রাতে দাবি করেছিলেন, তার দল দেশটির ক্ষমতায় যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন হতে পারে। সরকারি মালিকানাধীন পত্রিকা 'দ্য হেরাল্ড' পত্রিকা বুধবার জানায়, এমডিসি নেতা মরগান সাভাঙ্গিরাই এবং ক্ষমতাসীন জানু-পিএফ নেতা মুগাবে নির্বাচনে প্রায় সমান সংখ্যক ভোট পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে দ্বিতীয় দফায় ভোটের প্রয়োজন হতে পারে। কিন্তু বুধবার দলের মহাসচিবের এই জয় দাবিতে এটা ধরেই নেওয়া যায় দ্বিতীয় দফায় ভোটের প্রশ্নে এমডিসি তাদের অবস্থান পরিবর্তন করছে। ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে গত ২৮ বছর ধরেই দেশটির ক্ষতায় রয়েছেন ৮৪ বছর বয়সী মুগাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫০ ঘ.