বসরা, ইরাক, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে সপ্তাহজুড়ে সংঘর্ষের পর আপাতত সহিংসতা কিছুটা কমলেও বসরার অধিবাসীরা জানিয়েছে, তাদের আশঙ্কা আরও ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
শিয়া মুসলিম জঙ্গি বিশেষ করে মুকতাদা আল সদরের মেহদি আর্মির যোদ্ধাদের দমনে গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় তেল সমৃদ্ধ বসরা শহরে বড় ধরনের অভিযানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের কয়েক দিনের টানা সংঘর্ষের পর গত রোববার সদর তার অনুসারীদের যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। তার পর থেকে গত তিন দিন পরিস্থিতি কিছুটা শান্ত।
তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, অস্ত্রসমর্পণে অস্বীকৃতি জানিয়েছেন সদর। ফলে আগামীতে বিশেষ করে প্রাদেশিক নির্বাচনের আগে আরও ভয়াবহ সহিংসতার আশঙ্কা করছে বসরাবাসী। আগামী অক্টোবরে সেখানে প্রাদেশিক নির্বাচন হওয়ার কথা আছে।
৫১ বছর বয়স্ক সরকারি চাকুরিজীবি নাদহুম জামেল বলেন, "আমার আশঙ্কা এই সংঘাত চলতেই থাকবে এবং আগামীতে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।"
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বসরায় গত সপ্তাহের অভিযানের সময় ২১০ জন নিহত ও ছয়শ' মানুষ আহত হয়েছে।
৩৪ বছর বয়স্ক ধাতব মিস্ত্রি জুহার আব্দুল্লাহ বলেন, "পরিস্থিতি শান্ত কিন্তু অভিযান এখনও চলছে। আমার আশঙ্কা আগামীতে সহিংসতা আরও বাড়বে। আমি দেশ ছাড়ার কথা চিন্তা করছি।"
তাকে সমর্থন করে ৩২ বছরের দোকাদার আদেদ আইমেন নূরি বলেন, "পরিস্থিতি যে কোনো সময় আবার বিস্ফোরিত হয়ে উঠতে পারে। কেননা, বিষয়টি রাজনৈতিক, এর কোনো সহজ সমাধান নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১০ ঘ.
bdnews24