হারারে, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জিম্বাবুয়ের প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) বুধবার দাবি করেছে, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট উভয় নির্বাচনে তারা প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পরাজিত করেছে। দলের মহাসচিব মুগাবেকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে বিরোধীদলীয় নেতা সাভাঙ্গিরাই মঙ্গলবার নির্বাচনে জয় দাবি করেছিলেন।
এমডিসি মহাসচিব তেনদাই বিটি এক সংবাদ সম্মেলনে জানান, সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তাদের নেতা মরগান সাভাঙ্গিরাই পেয়েছেন ৫০ দশমিক ৩ শতাংশ ভোট। আর প্রেসিডেন্ট মুগাবে পেয়েছেন ৪৩ দশমিক ৮ ভাগ ভোট।
তিনি জানান, দ্বিতীয় দফায় ভোটের কোনো প্রয়োজন নেই। তবে জিম্বাবুয়ের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ ৫১ শতাংশ ভোট পেতে হয়।
বিটি প্রেসিডেন্ট মুগাবেকে পরাজয় মেনে নিয়ে বিশৃঙ্খলা এড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, এমডিসি প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও পার্লামেন্ট নির্বাচনে জিতেছে। সেখানে ক্ষমতাসীন জানু-পিএফ এর ৯৬ আসনের বিপরীতে তারা পেয়েছে ৯৯ আসন পেয়েছে।
তবে বিরোধদলের এই দাবিকে 'মনগড়া' অভিহিত করে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছে সরকার।
উপ-তথ্যমন্ত্রী ব্রাইট মাতঙ্গা স্কাই টেলিভিশনকে বলেন, "প্রেসিডেন্ট মুগাবে কোথাও যাচ্ছেন না।"
এর আগে পশ্চিমা গণমাধ্যম জানিয়েছিল, চুক্তির মাধ্যমে বিরোধীদের ক্ষমতায় বসিয়ে মুগাবেকে নিরাপদে দেশ্যত্যাগ করতে যাচ্ছেন। তবে সরকার ও বিরোধীদল উভয়পক্ষই এই খবর নাকচ করে দিয়েছে।
বিরোধীদলীয় নেতা সাভাঙ্গিরাই মঙ্গলবার রাতে দাবি করেছিলেন, তার দল দেশটির ক্ষমতায় যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন হতে পারে।
সরকারি মালিকানাধীন পত্রিকা 'দ্য হেরাল্ড' পত্রিকা বুধবার জানায়, এমডিসি নেতা মরগান সাভাঙ্গিরাই এবং ক্ষমতাসীন জানু-পিএফ নেতা মুগাবে নির্বাচনে প্রায় সমান সংখ্যক ভোট পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে দ্বিতীয় দফায় ভোটের প্রয়োজন হতে পারে।
কিন্তু বুধবার দলের মহাসচিবের এই জয় দাবিতে এটা ধরেই নেওয়া যায় দ্বিতীয় দফায় ভোটের প্রশ্নে এমডিসি তাদের অবস্থান পরিবর্তন করছে।
১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে গত ২৮ বছর ধরেই দেশটির ক্ষতায় রয়েছেন ৮৪ বছর বয়সী মুগাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০৫
bdnews24