২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোকে আফগানিস্তানে আরও সেনা মোতায়েনের আহ্বান বুশের

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার ন্যাটো মিত্র দেশগুলোর প্রতি আফগানিস্তানে আরও বেশি সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু ফ্রান্স ইতোমধ্যেই আফগানিস্তানে অতিরিক্ত ১ হাজার সেনা পাঠানোর অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বুখারেস্ট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার ন্যাটো মিত্র দেশগুলোর প্রতি আফগানিস্তানে আরও বেশি সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু ফ্রান্স ইতোমধ্যেই আফগানিস্তানে অতিরিক্ত ১ হাজার সেনা পাঠানোর অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে। বুধবার বুখারেস্টে অনুষ্ঠিতব্য ন্যাটো জেটের সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি আফগানিস্তানে বড় ধরনের সেনা সাহায্যের ঘোষণা দেবে বলেই আশা করছিলেন কূটনীতিকরা। কারণ, ফ্রান্স আফগানিস্তানে অতিরিক্ত সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছিল আগেই। একই আভাস দিয়েছিল রুমানিয়াও। কিন্তু ন্যাটো সম্মেলনের প্রাক্কালে সারকোজি সরকার জানায়, প্যারিস মাত্র শ'খানেক আফগানিস্তানে পাঠাতে পারে। সরকোজির এক সহযোগী জানান, "আফগানিস্তানে বিদেশি সাহায্য বৃদ্ধির ওপরই সেখানে নতুন করে সেনা পাঠানোর বিষয়টি নির্ভর করবে।" বুধবার বুশ ফ্রান্সের অতিরিক্ত সেনা পাঠানোর ইঙ্গিতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ন্যাটো তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে হারতে পারে না। উল্লেখ্য, গত সপ্তাহে প্রেসিডেন্ট সারকোজি লন্ডনে বলেছিলেন, "আফগানিস্তান যুদ্ধ যত কঠিনই হোক বা এর মূল্য যতই হোক, আমরা এ যুদ্ধে হারতে পারি না। আমাদেরকে যুদ্ধ জয় করতেই হবে। এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত।" ওই কথার সূত্র ধরেই বুশ ফ্রান্স এবং রুমানিয়াকে অতিরিক্ত সেনা পাঠিয়ে আফগানিস্তান যুদ্ধে অবদান রাখার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি বলেন, আমরা ন্যাটোজোটের অন্যান্য দেশকেও অতিরিক্ত সেনা মোতায়েনের পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৩ঘ.