ইসলামাবাদ, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গৃহবন্দি পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান বলেছেন তার আটকাদেশ অযৌক্তিক এবং তিনি আশা করছেন নবনির্বাচিত সরকার তাকে খুব শিগগিরই মুক্তি দেবে। পাকিস্তানের নাবওয়া-ই-ওয়াক্ত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি বুধবার প্রকাশ করা হয়েছে।
ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ায় পরমাণু সামগ্রী পাচার করার অভিযোগে ২০০৩ সালের শেষের দিকে কাদির খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং ২০০৪ সালে সংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগ স্বীকার করার পর প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তাকে ইসলামাবাদে গৃহবন্দি করে রাখেন।
খানের সমর্থকরাও চাচ্ছেন যে নতুন সরকার তাকে মুক্তি দিক।
নাবওয়া-ই-ওয়াক্ত পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে এই বিজ্ঞানীকে তার নিরাপত্তার খাতিরে বন্দি করে রাখা হয়েছে এ ধারণাটি বাতিল করে দিয়েছেন তিনি।
তিনি বলেন, "এটা একটা খোঁড়া যুক্তি।" সেই সঙ্গে তিনি আরও বলেন, "এটা একদম অযৌক্তিক। ১৯৭৯ সালে যখন আমার বিরুদ্ধে হল্যান্ডে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল তখনও আমি পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছি, আমি কোনো নিরাপত্তা হুমকির সম্মুখীন হইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৬ ঘ.
bdnews24