ওয়াশিংটন, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত গোয়েন্দা দপ্তর বন্ধ করে দিচ্ছে পেন্টাগন। দেশের অভ্যন্তরে ওই দপ্তরটির গোয়েন্দাবৃত্তির বিষয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছিল মার্কিন আইন প্রণেতা এবং নাগরিক অধিকার সংগঠনগুলো। খবর নিউ ইর্য়ক টাইমসের।
'দ্য কাউন্টারইন্টেলিজেন্স ফিল্ড এ্যাকটিভিটি ' নামের ওই গোয়েন্দা দপ্তরটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড প্রতিষ্ঠা করেছিলেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম এবং সন্ত্রাসী দলগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করার জন্যই দপ্তরটি প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও জানিয়েছে সংবাদ পত্রটি।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী রামসফেল্ড'র সৃষ্টি করা গোয়েন্দা কাঠামোর নবায়ন এবং পরিবর্তনের অংশ হিসেবেই বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গোয়েন্দা দপ্তরটি বন্ধ করে দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছে বলে ২০০৫ সালে খবর প্রকাশের পর থেকেই গোয়েন্দা দপ্তরটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
তবে পেন্টগনের কর্মকর্তারা জানিয়েছেন, রবার্ট গেটস এখনও দপ্তরটি বন্ধ করে দেওয়ার সুপারিশমালায় স্বাক্ষর করেন নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24