বাগদাদ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৭ সালের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত ইরাকে সহিংসতায় বেসামরিক নাগরিক নিহতের হার সর্বোচ্চে পৌঁছেছে। মঙ্গলবার ইরাকি সরকার প্রকাশিত এক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী এবং শিয়া নেতা মুকতাদা আল-সদরের মেহদি আর্মির মিলিশিয়াদের মধ্যে সহিংসতা তীব্র হওয়ায় প্রাণহানি হার এত বেড়েছে।
ইরাকের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত হিসাবে দেখা গেছে, মার্চ মাসের সহিংসতায় ৯২৩ জন বেসামরিক ইরাকির প্রাণহানি হয়েছে। মার্চ মাসে এ প্রাণহানি ফেব্র"য়ারির চেয়ে ৩১ শতাংশ বেশি এবং এ মাস ২০০৭ সালের আগস্ট মাসের পর সবচেয়ে রক্তক্ষয়ী মাস।
শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী যোদ্ধাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির দমনাভিযানের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে সৃষ্ট সংঘর্ষে শত শত লোক নিহত এবং আরও অনেক লোক আহত হয়েছে।
তবে গত সপ্তাহের সংঘর্ষের প্রধান কেন্দ্র দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অপেক্ষাকৃত শান্ত পরিবেশ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, সদর তার যোদ্ধাদের রাজপথ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর পর সেখানে এমন পরিবেশ তৈরি হয়েছে।
২০০৮ সালের মার্চ মাসের প্রাণহানির সংখ্যা ব্যাপক বাড়লেও তা ছিল আগের বছরের তুলনায় বেশ কম। ২০০৭ সালের মার্চ মাসে ইরাকে ১,৮৬১ জন বেসামরিক লোকের প্রাণহানি হয়।
এছাড়া, দুই বছরের মার্চ মাসে আহতের সংখ্যায়ও বেশ পার্থক্য রয়েছে। দেখা গেছে, ২০০৭ সালের মার্চে আহত হয়েছিল ২,৭০০ জন। যেখানে ২০০৮ সালের মার্চে আহত হয়েছে ১,৩৫৮ জন।
ইরাকে গত গ্রীষ্মে দখলদার মার্কিন বাহিনী অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েন এবং সদর যুদ্ধবিরতি ঘোষণার পর সহিংসতা কমে এসেছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, অক্টোবরে অনুষ্ঠেয় প্রাদেশিক নির্বাচনের আগে সংগঠনগুলো রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ায় সহসাই সহিংসতা বেড়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১৫ ঘ.
bdnews24