গাজা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি সেনারা মঙ্গলবার ভোররাতে গাজা উপত্যকায় অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। ফিলিস্তিনি সংগঠন হামাস এবং চিকিৎসা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
হামাস জানিয়েছে, গত প্রায় এক মাসের মধ্যে ইসরায়েলি সেনাদের হাতে তাদের যোদ্ধা মৃত্যুর ঘটনা এই প্রথম।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হাসাম নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় "সন্ত্রাসী অবকাঠামোয়" স্থল অভিযান চালানোর সময় সেনাবাহিনীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ওই দুই ফিলিস্তিনি যোদ্ধাকে গুলি করে সেনারা।
তিনি আরও জানান, সে সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়।
এর আগে গত সোমবার অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০৯ ঘ.
bdnews24