প্যারিস, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফ্রিকার ১০৩ শিশুকে অপহরণ ও পাচার চেষ্টার দায়ে কারাবন্দি ছয় ফরাসি সাহায্যকর্মীকে সোমবার ছেড়ে দেওয়া হয়েছে। চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবাই তাদেরকে ক্ষমা করে দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। ফ্রান্সের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ফ্রান্সের একটি কারাগার থেকে মুক্তির পর "জিও'স আর্ক" দাতব্য সংস্থার এক সদস্য ডোমিনিক অব্রিকে বেরিয়ে আসার দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয়েছে। গত বছরের শেষ দিকে চাদের একটি আদালত তাকে আট বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর থেকে তিনি ফ্রান্সের এ কারাকারে সাজা ভোগ করছিলেন।
সোমবার ফ্রান্সের আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাহায্য সংস্থাটির প্রধান এরিক ব্রেতেউসহ আরও চার সাহায্যকর্মীকেও ছেড়ে দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত অপর সাহায্যকর্মী নাদিয়া মেরিমি প্যারিসের কাছের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আর এখন আটকাবস্থায় নেই।
চাদের ওই আদালতে ফ্রান্সের ওই ছয় সাহায্যকর্মী বিনা অনুমতিতে ১০৩ জন আফ্রিকার শিশুকে বিমানযোগে ইউরোপে পাচারের চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
তবে, শুরু থেকেই চাদের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিলেন ফ্রান্সের সাহায্যকর্মীরা। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদেরকে ডিসেম্বর মাসের শেষ দিকে ফ্রান্সে ফেরত পাঠানো হয় এবং একটি সহযোগিতা চুক্তির আওতায় তারা ফ্রান্সের কারাগারে সাজা ভোগ করছিলেন।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩১৩ ঘ.
bdnews24