লন্ডন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের প্রিন্সেস ডায়ানার মৃত্যুরহস্য তদন্তকারী বিচারক সোমবার বলেছেন, "রাণী এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবারা ডায়ানাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এমন কোনো প্রমাণ নেই।"
১৯৯৭ সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় দোদি আল-ফায়েদসহ নিহত হন প্রিন্সেস ডায়ানা। দোদির বাবা মোহামেদ আল-ফায়েদ এ ঘটনার পেছনে ডায়ানার শশুর প্রিন্স ফিলিপের হাত আছে বলে অভিযোগ করেছিলেন।
কিন্তু ডায়ানার মৃত্যুরহস্য তদন্তে ছয়মাস ধরে প্রায় ২৫০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর লর্ড জাস্টিস স্কট বেকার জুরিদেরকে বলেন, "ডিউক অব এডিনবারা ডায়ানাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া, গোয়েন্দা নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো সরকারি সংস্থাও ডায়ানাকে হত্যার চক্রান্ত করেনি।"
ফ্রান্সের আইনি প্রক্রিয়া এবং ব্রিটিশ পুলিশের তদন্তের প্রস্তুতির কারণে ডায়ানার মৃত্যুরহস্য তদন্তে প্রায় ১০ বছর দেরী হয়েছে।
পুলিশী তদন্তে ডায়ানার মৃত্যুর ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলেই বর্ণনা করা হয়েছে। আর এর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মদ্যপ অবস্থায় ড্রাইভার হেনরি পলের অতিরিক্ত দ্রুতগতিতে গাড়ি চালানোকে।
স্কট বলেন, " তিনি সাক্ষী হিসাবে ডিউক অব এডিনবারা বা প্রিন্স ফিলিপকে ডাকবেন না। কারণ, তিনি রাজবধূ ডায়ানাকে হত্যায় জড়িত ছিলেন এ অভিযোগ ভিত্তিহীন। এর কোনো প্রমাণ নেই।"
মোহামেদ আল-ফায়েদ বরাবরই অভিযোগ করে এসেছেন যে, প্রিন্স ফিলিপের নির্দেশেই ব্রিটিশ নিরাপত্তা বাহিনী দোদি এবং ডায়ানাকে হত্যা করেছে। কারণ, ব্রিটেনের ভবিষ্যৎ রাজার মা আর দোদির কোনো সন্তান হোক রাজপরিবার তা চাইত না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৭ঘ.
bdnews24