লাহোর, পাকিস্তান, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রোববার তার ভাই শাহবাজ শরীফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মনোনীত করেছেন।
নওয়াজ শরীফ এবং পাকিস্তানের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ও একইসঙ্গে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান আসিফ আলী জারদারির মধ্যে জোটের সর্বশেষ ফল হচ্ছে শাহবাজ শরীফের এই মনোনয়ন।
নওয়াজের (পিএমএল-এন) এবং জারদারির (পিপিপি) এই জোট প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে নি:সঙ্গ করে তুলেছে।
আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাক-প্রেসিডেন্ট মুশাররফ ক্ষমতা ছাড়তে বাধ্য হতে পারেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে পাঞ্জাব সবচেয়ে প্রভাবশালী প্রদেশ হিসাবে পরিচিত। রোববার প্রাদেশিক রাজধানী লাহোরে পিপিপি নেতা জারদারির সঙ্গে এক সংবাদ সম্মেলনে নওয়াজ বলেন, "আল্লাহ চাইলে জনাব আসিফ আলী জারদারির অনুমতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন শাহবাজ শরীফ।"
উল্লেখ্য, পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ ১৯৯৯ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের তৎকালী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন। এরপর তিনি নওয়াজ ও তার ভাই শাহবাজকে গ্রেপ্তার করে নির্বাসনে পাঠান। পরবর্তীতে দেশি-বিদেশি চাপের মুখে গত বছর নভেম্বরে তাদেরকে দেশে ফিরতে দিতে বাধ্য হন মুশাররফ।
দেশে ফিরে নওয়াজ ও পিপিপি একযোগে ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে মুশাররফের রাজনৈতিক মিত্রদের পরাজিত করে।
নওয়াজের পিএমএল-এন এবং অপর দুটি ছোট দলকে নিয়ে পিপিপি এখন পাকিস্তানের নতুন জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে।
প্রসঙ্গত, ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সবচেয়ে বেশি আসনে জয়ী হয় পিএমএল-এন। পিপিপির সমর্থন নিয়ে এখন দলটি পাকিস্তানের সবচেয়ে সম্পদশালী ও জনবহুল প্রদেশ প্রদেশ পাঞ্জাব সরকারের নেতৃত্ব দেওয়ার অপেক্ষায়।
কিন্তু দুই ভাই নওয়াজ ও শাহবাজ শরীফের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের একটি আসনের উপ-নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা প্রমাণ করতে হবে শাহবাজকে। আর এর মাঝে হয়ত অন্য কেউ সাময়িকভাবে প্রদেশটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24