ওয়াশিংটন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে 'পুরোপুরি সক্রিয় ও সম্পৃক্ত' থাকবেন এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সবসময় প্রয়াজনীয় উপস্থিতি বজায় রাখবেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি এসব কথা বলেন।
হিলারি বলেন, "(মধ্যপ্রাচ্যে) সক্রিয় এবং নিজেদের সম্পৃক্ত করে একটি ভূমিকা বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।"
ডেমোক্র্যাট নেতা হিলারি আরও বলেন, "আমি মনে করি এখন আমরা সেখানে যে মারাত্মক পরিস্থিতি দেখতে পাচ্ছি তার জন্য দায়ী সেখানে সম্পৃক্ততা বজায় না রেখে বুশ প্রশাসনের পিছু হটা। আর যেখানে যেখানে তারা সম্পৃক্ত ছিল সেখানেও তাদের বেশিরভাগ পরামর্শ ও প্রস্তাব বাস্তবে হিতে বিপরীত হয়েছে।"
হিলারি আরও বলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় হামাস কি ধরণের ভূমিকা রাখবে কিংবা তাদের অংশগ্রহণ থাকবে কি না তা ইসরায়েল এবং ফিলিস্তিনেরই নির্ধারণ করা উচিৎ।
হিলারি মনে করেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেেিসডেন্ট অবশ্যই ওই অঞ্চলে শান্তি আনার বিষয়ে একটি কার্যকর ভূমিকা রাখাতে সক্ষম হবেন।
তিনি বলেন, "একবার যখন আমরা এমন একজন প্রেসিডেন্ট পাবো যিনি পুরোপুরি সক্রিয় ও সম্পৃক্ত থাকবেন এবং পিছু হটে আসবেন না কিংবা এমন কোনো শর্ত আরোপ করবেন না যা কিনা বাস্তবে কাজ করবে না; তখন পক্ষগুলোকে একটি প্রস্তাবের মধ্যে নিয়ে আসার বিষয়ে কি কি করা যেতে পারে তার আরও ভাল ধারণা পাওয়া যাবে।"
যুক্তরাষ্ট্রের আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে ইলিনয়ের সিনেটর বারাক ওবামা না কি নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন কে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৫ ঘ.
bdnews24