বাগদাদ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের গ্রিন জোনে সোমবারও বেশ কয়েকটি মর্টার হামলা হয়েছে। শিয়া নেতা মুকতাদা আল-সদর তার অনুগত মেহেদি আর্মিকে ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাজপথের সংঘর্ষ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর পরদিনও এ হামলার ঘটনা ঘটল। পুলিশ একথা জানিয়েছে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার গ্রিন জোনে মর্টার হামলা শুরুর পরপরই সাইরেন বাজিয়ে এবং লাউড স্পিকারে সবাইকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
ইরাকি সরকারের সদর দপ্তর এবং ইরাকে মার্কিন দূতাবাস গ্রিন জোনের ভেতেরে অবস্থিত। ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনারা গ্রিন জোনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গেই আকাশে ধোঁয়া ও ধুলার কুন্ডলী পাকিয়ে ওঠায় ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কোথায় আঘাত হেনেছে তা বোঝা যায়নি।
পুলিশ জানিয়েছে, পরপর কমপক্ষে ছয়টি মর্টার হামলা চালানো হয়েছে গ্রিন জোনে। তবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো বিবরণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
গত সপ্তাহে দক্ষিণ ইরাকে শিয়া মিলিশিয়াদের সঙ্গে ইরাকি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরুর পর বাগদাদের গ্রিন জোনকে হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় এবং প্রায় পুরো সপ্তাহ জুড়েই সেখানে লাগাতার রকেট ও মর্টার হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ওদিকে, দূতাবাসের সব কর্মীদের যতোটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং খোলা জায়গায় চলাফেরার সময় মাথায় হেলমেট ও শরীরে বর্ম পরার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৩০ ঘ.
bdnews24