লন্ডন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি সংগঠন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল সোমবার জানিয়েছেন, ২০০৬ সালে আটক করা ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে হত্যা করা হয়নি। শালিত গাজা উপত্যকায় জীবিত আছেন এবং তার সঙ্গে ভাল আচরণ করা হচ্ছে।
ব্রিটেনের স্কাই নিউজ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ায় বসবাসরত মেশাল আরও জানিয়েছেন, বেসামরিক ইসরায়েলিদের ওপর হামলা চালানো বন্ধ করতে প্রস্তুত হামাস। তবে হামাস তখনই হামলা বন্ধ করবে যখন ইহুদি রাষ্ট্রটি একই কাজ করতে রাজি হবে।
মেশাল স্কাই নিউজকে বলেন, "গিলাদ (শালিত) জীবিত আছেন এবং আমরা তার সঙ্গে ভাল আচরণ করছি। কিন্তু আটক ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল খুব বাজে আচরণ করছে।"
২০০৬ সালের জুনে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়ে শালিতকে আটক করে ফিলিস্তিনি বন্দুকধারীরা। তখন শালিতের বয়স ছিল ১৯ বছর।
হামাস বলে আসছে, ইসরায়েলি কারাগারে আটক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাড়ে তিনশ' জনসহ প্রায় ১৪শ' ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তারা শালিতকে ছাড়বে না। তবে, ইসরায়েল হামাসের এ শর্তকে প্রত্যাখ্যান করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৯ ঘ.
bdnews24