বেইজিং, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সোমবার অলিম্পিক মশাল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। রাজধানী বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে অলিম্পিক মশাল যাত্রার এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন হু।
অনুষ্ঠানে আগত কর্মকর্তা, নৃত্যশিল্পী, ছাত্র-ছাত্র ও শ্রমিকদের উদ্দেশ্যে চীনা অলিম্পিকের আয়োজক পরিষদের প্রধান লিউ কি বলেন, "অলিম্পিক চেতনার প্রতীক হচ্ছে এই পবিত্র মশাল।"
এর আগে গত রোববার গ্রিসের রাজধানী এথেন্সের পানাথিনাইকো স্টেডিয়ামে অলিম্পিক মশালটি চীনের কাছে হস্তান্তর করা হয়।
১৮৯৬ সালে এই পানাথিনাইকো স্টেডিয়ামে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়।
পানাথিনাইকো স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে হেলেনিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মিনোস কাইরিয়াকউ চীনা অলিম্পিকের আয়োজক পরিষদের প্রধান লিউ কি এর কাছে অলিম্পিক মশালটি হস্তান্তর করেন।
অলিম্পিক মশালটি মঙ্গলবার কাজাখস্থানের রাজধানী আলমাটি'র উদ্দেশ্যে যাত্রা করবে। সেখান থেকে আরও ১৯ টি দেশ ভ্রমণ শেষে মশালটি চীনে ফেরত আসবে। চীনের সবগুলো প্রদেশ ঘুরে তা ৮ আগস্ট বেইজিংয় অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠানের দুদিন আগে আবার বেইজিংয়ে ফেরত আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫৭ ঘ.
bdnews24