হং কং, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও রোববার তাইওয়ানকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নসহ পুনরায় শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন। বেইজিংয়ের সঙ্গে তাইপেইয়ের সরাসরি বাণিজ্য, পরিবহন ও ডাক যোগাযোগ চালুর কথা বলা হয়েছে ওই পরিকল্পনায়।
চীনপন্থি হিসেবে পরিচিত মা ইয়ং-জিও এ মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই চীন সরাসরি এমন প্রস্তাব দিল।
লাওসে একটি পরিবেশ বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও হংকংয়ের সাংবাদিকদের এসব কথা বলেন।
চীনা প্রধানমন্ত্রী বলেন, "১৯৯২ সালের সমঝোতার ভিত্তিতে আমরা আলোচনা ও যোগাযোগ শুরু করতে পারি। তিন ধরনের যোগাযোগ স্থাপনসহ যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারি আমরা।"
তিন ধরনের যোগাযোগ বলতে তাইওয়ানের সঙ্গে চীনের সরাসরি বাণিজ্য, পরিবহন ও ডাক যোগাযোগ পুনঃস্থাপনের কথা বুঝিয়েছেন জিয়াবাও।
১৯৯২ সালের সমঝোতায় 'এক চীন' নীতির নিজস্ব ব্যাখ্যার ভিত্তিতে তাইওয়ান ও চীন তাদের মধ্যে শান্তি আলোচনা চালিয়ে যেতে একমত হয়। ওই সমঝোতার ভিত্তিতে ১৯৯৩ সালে সিঙ্গাপুরে ঐতিহাসিক শান্তি আলোচনায় বসেছিল ওই দুইপক্ষ।
কিন্তু ১৯৯৯ সালে তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট লি তেং হুই ওই আলোচনাকে "রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের" আলোচনা হিসেবে মর্যাদা দিতে হবে বলে দাবি জানানোর পর তা ভেঙে যায়।
চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপটি ১৯৪৯ সালের গৃহযুদ্ধে জয়ের মধ্য দিয়ে নিজেদের আলাদা বলে দাবি করলেও চীন এখনও তাইওয়ানকে নিজেদের অখণ্ড অঞ্চল বলে দাবি করে আসছে।
জাতিসংঘ সদস্যপদের জন্য তাইওয়ানের আবেদন এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে দ্বীপটির যে কোনো পদক্ষেপ বন্ধে প্রয়োজনে বলপ্রয়োগেরও হুমকি দিয়ে আসছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24