ইনায়েত কেল্লা, পাকিস্তান, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে সহিংসতা বন্ধে নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি তালেবান নেতারা। 'তেহরিক-ই-তালেবান' নামের তালেবান ও তালেবান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর জোটের মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।
সরকার সহিংসতা বন্ধে আলোচনায় আগ্রহী - নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে তালেবান জোটটি বক্তব্য দিল। তবে একইসঙ্গে তারা জানিয়েছে, পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসলেও আফগানিস্তানে মার্কিন ও অন্যান্য বিদেশি সেনাদের বিরুদ্ধে তাদের অভিযান থেকে পিছু হটবে না তারা।
তেহরিক-ই-তালেবান এর মুখপাত্র মৌলভী ওমর রয়টার্সকে জানান, " আদিবাসী অধ্যুষিত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সঙ্গে আলোচনায় বসতে এবং সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আমরা।"
একইসঙ্গে তিনি আরও বলেন, "কিন্তু মার্কিন ও অন্যান বিদেশি সেনাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।"
আফগান সীমান্তবর্তী বাজাউর অঞ্চলের ইনায়েত কেল্লা শহরের মূল বাজারের কাছে রোববার এক বিরাট জনসমাগমে ভাষণ দেওয়ার পর তালেবান মুখপাত্র ওই কথা বলেন। ওয়াজিরিস্তান এবং আশপাশের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের চরমপন্থী সংগঠনগুলোর কয়েকশ নেতাকর্মী এবং হাজারখানেক স্থানীয় আদিবাসী ওই সমাবেশে অংশ নেন।
পাকিস্তানি তালেবানদের প্রধান বাইতুল্লাহ মেহসুদ ওই সমাবেশে অংশ নেননি। তবে তার শীর্ষ সহযোগী মৌলভী ফকির ওই সমাবেশে ভাষণ দেন।
মৌলভী ফকির বলেছেন, "আলোচনায় বসার বিষয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। তবে সরকারকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রবিরতি ঘোষণা করতে হবে। কেননা এর কোনো ব্যত্যায় ঘটলে তা পুরো প্রক্রিয়ার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।"
ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে তালেবান ও আল-কায়েদা জঙ্গিরা পার্শ্ববর্তী আফগানিস্তানে মার্কিন নেতৃত্বধীন বিদেশি সেনাদের ওপর হামলা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
শুধু গত তিনমাসের সহিংসতায় অঞ্চলটিতে প্রায় ৬০০ লোক প্রাণ হারিয়েছেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১১ঘ.
bdnews24