জেরুজালেম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনযাত্রামান উন্নয়নে সাহায্য করতে ইসরায়েল 'অর্থবহ' পদক্ষেপ নিক। এমনটিই চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। রোববার রাইস একথা জানান।
রাইস ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের মধ্যে মধ্যস্থতার উদ্দেশ্যে তিনদিনের সফরে শনিবার জেরুজালেম পৌঁছেন।
রাইস জানান, তিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অবরোধ শিথিল করার উপায় খুঁজছেন।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, "আমরা কিছু একটা করতে পারব বা ইসরায়েল এবং ফিলিস্তিন একযোগে কিছু একটা করতে পারবে বলেই আশা করছি। যা ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং অর্থনৈতিক সামর্থ দুয়ের জন্যই অর্থপূর্ণ হবে।"
মার্কিন প্রেসিডেন্ট বুশ ক্ষমতা ছাড়ার আগেই ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে যে শান্তি আলোচনা শুরু করেছিলেন তার চার মাস পেরিয়েছে। কিন্তু এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা কিংবা ফিলিস্তিনিদের ভাগ্যন্নোয়নে তেমন কোনো অগ্রগতির লক্ষণ নেই।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লিভনি বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সহযোগিতা করতে চায়। তবে সহযোগিতা কিভাবে করা হবে সেই ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানান নি। তিনি জোর দিয়ে এও বলেন যে, ইসরায়েলের নিরাপত্তার নিয়ে কোন আপোস করা হবে না।
লিভনি বলেন, " ফিলিস্তিনিদের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসার চিন্তা করা হচ্ছে। তবে সবসময়ের মতোই যা কিছু করা হবে আমাদের (ইসরায়েলের )নিরাপত্তার ওপর তার কোন প্রভাব পড়বে না। কেননা ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা বিধানের উপায় খুঁজে বের করা আমাদের দায়িত্ব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪১৬ ঘ.
bdnews24