২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননকে সহযোগিতার প্রত্যয়ে আরব লীগের সম্মেলন শুরু

সিরিয়ার রাজধানী দামেস্কে শনিবার শুরু হয়েছে আরব লীগের দুদিনব্যাপী বার্ষিক শীর্ষ সম্মেলন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্মেলন উদ্বোধন করেছেন। তবে এতে যোগ দেয়নি সংস্থাটির কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধান এবং সম্মেলন বয়কট করছে লেবানন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

দামেস্ক, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিরিয়ার রাজধানী দামেস্কে শনিবার শুরু হয়েছে আরব লীগের দুদিনব্যাপী বার্ষিক শীর্ষ সম্মেলন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্মেলন উদ্বোধন করেছেন। তবে এতে যোগ দেয়নি সংস্থাটির কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধান এবং সম্মেলন বয়কট করছে লেবানন। ২২ সদস্যের সংস্থা আরব লীগের এবারের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন মাত্র ১১টি দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়া কয়েকটি দেশ শীর্ষ নেতার স্থলে তাদের নিম্ন পদমর্যাদার প্রতিনিধি পাঠিয়েছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় সিরিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই অভিযোগ তুলে লেবানান সম্মেলন বয়কট করেছে। এছাড়া এতে যোগ দেননি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিন ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। তাদের অনুপস্থিতির কারণে সম্মেলনে লেবাননের বিষয়ে নতুন কোনো পদক্ষেপ এবং ওই অঞ্চলে সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে গেছে বলে মনে করা হচ্ছে। তবে লেবানন তাদের অচলবস্থার জন্য সিরিয়াকে দায়ী করে সম্মেলন বয়কট করলেও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। লেবাননে গত নভেম্বর থেকেই কোনো প্রেসিডেন্ট নেই। কারণ নতুন মন্ত্রিপরিষদ গঠনের বিষয়ে সরকার ও সিরিয়া সমর্থিত বিরোধীরা মতৈক্যে পৌঁছাতে পারছে না। সম্মেলনের উদ্বোধনী ভাষণে আসাদ বলেন, "লেবাননের বিষয়ে আরব ও অনারব যে কারও উদ্যোগকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। তবে তা হতে হবে লেবাননের জাতীয় সম্মতি ও তাদের স্থিতিশীলতার ওপর ভিত্তি করে।" তিনি আরও বলেন, "সমস্যা সমাধানের উপায় একমাত্র লেবানের জনগণের হাতেই আছে। রাষ্ট্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, সংবিধান এবং অবশ্যই দরকারি সচেতনতাও তাদের আছে।" তবে লেবাননের অনুপস্থিতির বিষয়ে তিনি কোনো কথাই উল্লেখ করেননি এবং লেবানের মিত্র আরব দেশগুলোর নিম্ন পদমর্যাদার প্রতিনিধি পাঠানোর বিষয়েও তিনি কোনো কথা বলেননি। সিরিয়া অভিযোগ করেছে আরব লীগের সম্মেলনে যোগদানে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে নিরুৎসাহিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ সিরিয়া লেবাননের বিষয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে না এবং ফিলিস্তিন গেরিলাদের সহযোগিতা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৮০২ ঘ.