তেহরান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানি নববর্ষের ছুটির সময়কার ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার বার্তা সংস্থা ফারস একথা জানিয়েছে।
প্রসঙ্গত, ২০ মার্চ থেকে ইরানি নববর্ষ শুরু হয় এবং এ সময় প্রায় দুই সপ্তাহ দেশটিতে সাধারণ ছুটি পালিত হয়।
পুলিশ কমান্ডার মোহাম্মাদ আলি নাসরাতির বরাত দিয়ে বার্তা সংস্থা ফারস তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইরানের 'ইস্ট আজারবাইজান' প্রদেশের ভারজাকান শহরের পাশ্ববর্তী এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ফারস আরও জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং তা উদঘাটনে তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭২২ ঘ.
bdnews24