২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো 'আগুন নিয়ে খেলছে': রাশিয়া

প্রতিবেশী দেশ জর্জিয়া ও ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভূক্ত করার বিষয়ে পশ্চিমা সামরিক জোটটিকে শুক্রবার সতর্ক করে দিয়েছে রাশিয়া। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষ সম্মেলনে দেশ দুটিকে জোটে অন্তর্ভূক্ত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা। ওই সম্মেলনকে সামনে রেখেই এ সতর্কবাণী উচ্চারণ করল রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

মস্কো, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিবেশী দেশ জর্জিয়া ও ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভূক্ত করার বিষয়ে পশ্চিমা সামরিক জোটটিকে শুক্রবার সতর্ক করে দিয়েছে রাশিয়া। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষ সম্মেলনে দেশ দুটিকে জোটে অন্তর্ভূক্ত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা। ওই সম্মেলনকে সামনে রেখেই এ সতর্কবাণী উচ্চারণ করল রাশিয়া। পৃথক বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ক্রেমলিনের একজন মুখপাত্র বলেন, ন্যাটোয় দেশ দুটির সম্ভাব্য সদস্যপদ মস্কোর সঙ্গে পশ্চিমা সামরিক জোটটির সম্পর্ক উন্নয়নের যে কোনো পরিকল্পনায় গভীর প্রভাব ফেলবে। লাভরভ জর্জিয়াকে তাদের আবখাজিয়া ও সাউথ ওসেটিয়ার গেরিলা অধ্যুষিত এলাকার পুনঃনিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ন্যাটোর সদস্যপদকে একটি অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়েও সতর্ক করে দিয়েছে। প্রসঙ্গত, ১৯৯০ এর দশকে জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হয় আবখাজিয়া ও সাউথ ওসেটিয়া। তখন থেকেই বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকা দুটি রাশিয়ার সমর্থন পেয়ে আসছে। শুক্রবার মস্কোয় সাংবাদিকদের লাভরভ বলেন, "সাউথ ওসেটিয়া ও আবখাজিয়ার কথা চিন্তা করে জর্জিয়া শক্তি প্রয়োগের মাধ্যমে এই দুটি সমস্যার সমাধানের লক্ষ্যে ন্যাটোর সমর্থন পেতে চাইলে তা এক ভয়াবহ খেলায় পরিণত হবে।" সোভিয়েত-পরবর্তী 'কমনওয়েলথ অফ ইনডিপেন্ডেন্ট স্টেটস' এর সহকর্মীদের সঙ্গে বৈঠকের পর লাভরভ সাংবাদিকদের আরও বলেন, "সাউথ ওসেটিয়া ও আবখাজিয়ার জনগণ ন্যাটোর সঙ্গে যোগদানের বিষয়টি চিন্তা করতে পারে না। এ ধরনের একটি জটিল ইস্যুতে সদস্যপদের বিষয়টি হবে আগুনের নিয়ে খেলার মতো ভয়াবহ।" জর্জিয়ার পশ্চিমাপন্থি নেতারা মস্কোর প্রভাববলয় থেকে বেরিয়ে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের চেষ্টা চালিয়ে আসছে। এছাড়া, ইউক্রেন আশা করছে, আসন্ন ন্যাটো সম্মেলনে সামরিক জোটটিতে তাদের সদস্যপদ পাওয়ার বিষয়ে অগ্রগতি হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র উভয় দেশকে এ বিষয়ে সমর্থন দিয়ে আসলেও ফ্রান্স, জার্মানি এবং ইউরোপের আরো কয়েকটি দেশ বলছে, এমন পদক্ষেপ গ্রহণের যথাযথ সময় এখনো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৪৭ ঘ.