এলোরজা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলায় মাদক পাচার রুটে নির্মিত অবৈধ রানওয়েতে শুক্রবার বোমা বর্ষণ করেছে দেশটির বিমান বাহিনী। কলাম্বিয়া সীমান্তের কাছাকাছি এলাকার ওই রানওয়েটি চোরাকারবারীরা কোকেন পাচারের জন্য ব্যবহার করতো বলে অভিযোগ রয়েছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন।
ওই প্রত্যক্ষদর্শী আরও জানায়, দুইটি জঙ্গি বিমান এবং একটি হেলিকপ্টার রানওয়েটি লক্ষ করে রকেট নিক্ষেপ করে এবং মেশিন গান দিয়ে গুলি করে মাদক পাচারকারিদের অবকাঠামো ও অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করে দেয়।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের অতীতের মাদক নিয়ন্ত্রণ অভিযানের সমালোচনা করার কিছুদিন পরই এই নতুন অভিযান শুরু করল দেশটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মাদক দ্রব্য বিষয়ক প্রতিবেদনে ভেনেজুয়েলার কঠোর সমালোচনা করা হয়েছে। এছাড়াও ল্যাতিন আমেরিকার এই দেশটিকে অবাধ দুর্নীতি এবং বিশ্বের প্রধান মাদক দ্রব্য পাচার-পথ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারি দেশ কলাম্বিয়ার দীর্ঘ সীমানা রয়েছে।
পাচারকারিরা প্রায়ই ইউরোপ ও আমেরিকায় নিয়ে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য বোঝাই বিমান চলাচলে ওই অবৈধ রানওয়েটি ব্যবহার করে। ভেনেজুয়েলার সেনাবাহিনী ভবিষ্যতে এ রকম আরও বেশ কয়েকটি রানওয়ে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে।
ওদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যুক্তরাষ্ট্রের অভিযোগ সম্পর্কে বলেছেন,যুক্তরাষ্ট্রের উপস্থাপিত মাদক পরিসংখ্যান সত্য নয় এবং তাকে হেয় করার জন্যই এটা করা হয়েছে।
এছাড়াও ভেনেজুয়েলার সরকার মাদক বিরোধি অভিযানের প্রমাণ স্বরূপ কলাম্বীয় মাদক সম্রাট হেরমাগোরাস গঞ্জালেজ-কে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় গঞ্জালেজকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছে।
ভেনেজুয়েলার সরকার এ বছর মাদক বিরোধি অভিযানে ৫ দশমিক ৩ টন কোকেন আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৫১ ঘ.
bdnews24