হামোন্ড, ইন্ডিয়ানা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হোয়াইট হাউস বিজয়ের প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ডেমোক্র্যেট দলের পিছিয়ে পড়া প্রার্থী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের অবস্থান শক্ত করার জন্য হিলারির সরে দাঁড়ানোর সময় এসেছে- দলের এক সিনেটরের এ পরামর্শকে নাকচ করে দিয়ে শুক্রবার তিনি এ অঙ্গীকার করেন।
ভারমন্ট অঙ্গরাজ্যের ডেমোক্রেট সিনেটর এবং হিলারির প্রতিপক্ষ বারাক ওবামার সমর্থক প্যাট্রিক লেহি'র ওই পরামর্শর জবাবে তিনি বলেন, "এই প্রতিযোগিতা অব্যাহত রাখার লাখো কারণ রয়েছে।"
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডেমোক্রেট দলের মনোনয়ন পেতে হলে ইলিনয়ের সিনেটর ওবামাকে পরাজিত করতে নিউ ইয়র্কের সিনেটর হিলারিকে কঠিন সময় পার করতে হবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
এছাড়া ডেমোক্রেটদের অনেকের আশঙ্কা ওবামা-হিলারির ক্রমশ আরও তীব্র হয়ে ওঠা প্রতিদ্বন্দ্বিতার ফলে লাভবান হচ্ছেন তাদের উভয়ের প্রতিপক্ষ ম্যাককেইন। কেননা, ম্যাককেইন ইতিমধ্যেই রিপাবলিকান দলের ব্যানারে প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতা করার পথ পরিষ্কার করার পাশাপাশি নির্বাচনের চূড়ান্ত প্রচারণাও শুরু করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৪৫ ঘ.
bdnews24