গাজা মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের মধ্যস্থতায় প্রতিদ্বন্দ্বী দল ফাতাহ'র সঙ্গে সংহতি চুক্তিতে আরবরা সমর্থন দিক এমটিই চায় ফিলিস্তিনি গেরিলা দল হামাস। এ সপ্তাহান্তের আরব সম্মেলনেই এই সমর্থন আশা করছে হামাস। হামাসপন্থী একটি ওয়েবসাইট দলের এক নেতার উদ্ধৃতি দিয়ে শুক্রবার একথা বলেছে।
সিরিয়ায় নির্বাসিত হামাস নেতা খালেদ মেশালের উদ্ধৃতি দিয়েও ওয়েবসাইটটিতে বলা হয়, দামেস্ক সম্মেলনে আরবদেরকে ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াইকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন মেশাল। তবে তিনি এও বলেছেন যে, হামাস ইসরায়েলের সঙ্গে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তিতে উপণীত হতে রাজি।
গাজা-ভিত্তিক ওয়েবসাইট বলেছে, " হামাস-ফাতাহ আলোচনার জন্য সমর্থন কামনা করে মেশাল আরব নেতাদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন।"
ইয়েমেনের মধ্যস্থতায় হামাস-ফাতাহ'র মধ্যে স্বাক্ষরিত সংহতি চুক্তি এ সপ্তাহে ব্যর্থতার সম্মুখীন হওয়ায় মেশাল এই অনুরোধ জানালেন।
মেশাল আরবদের আহ্বান জানিয়ে বলেন, "ফিলিস্তিন-ফিলিস্তিন আলোচনার পরিবেশ গড়ে তুলতে আপনারা জাতীয় পর্যায়ে এবং ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব পালনের তাগিদ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুন।"
উল্লেখ্য, গত জুনে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর প্রেসিডেন্ট আব্বাস হামাস সরকার ভেঙে দিয়ে পশ্চিম তীরে ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করে। তখন থেকেই হামাস এবং ফাতাহর মধ্যে ক্ষমতার লড়াই চলছে।
দুপক্ষে কয়েকমাসের বৈরিতার পর গত সপ্তাহে ইয়েমেনে দুপক্ষ সরাসরি আলোচনায় বসতে রাজি হয়। হামাস বলছে এ আলোচনা শুরু হবে ৫ এপ্রিল। কিন্তু
প্রেসিডেন্ট আব্বাস শর্ত জুড়ে দিয়ে বলেছেন, তার আগে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। কিন্তু হামাস এ শর্ত প্রত্যাখ্যান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ঘ.
bdnews24