ইসলামাবাদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্র বৃহস্পতিবার জানিয়েছে, সন্ত্রাস-বিরোধী যুদ্ধের কৌশল নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের উচিত পাকিস্তানের নতুন সরকারকে সময় দেওয়া। একইসঙ্গে এ বিষয়ে সরকারকে চাপে রাখতে চলতি সপ্তাহে দুই মার্কিন মন্ত্রীর পাকিস্তান সফরের সমালোচনা করেছে পত্রিকাগুলো।
নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইউসুফ রাজা গিলানির শপথ নেওয়ার আগেই এ সপ্তাহে পাকিস্তান সফর করেছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মন্ত্রী জন নেগ্রোপন্টে ও সহকারী মন্ত্রী রিচার্ড বাউচার।
১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সমর্থন দেওয়ার পর থেকে পাকিস্তানের অন্যতম মিত্রে পরিণত হয় যুক্তরাষ্ট্র।
কিন্তু মুশারফের ক্ষমতা সীমিত হয়ে আসছে, বিশেষ করে, গত মাসের নির্বাচনে মিত্রদলগুলোর পরাজয় ও বিরোধীদের জয়ের পর তিনি একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন। অবস্থা এমন যে গিলানির নেতৃত্বে গঠিত নতুন সরকার তাকে ক্ষমতা থেকে হটানোর উদ্যোগও নিতে পারে।
পাকিস্তানের 'দ্য ডন' পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখেছে, "ওয়াশিংটনের এখন পাকিস্তানের নতুন সরকারকে থিতু হওয়ার সময় দেওয়া উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ ১৭৪১ঘ.
bdnews24