সউল, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরীয় সীমান্তের উত্তরে অবস্থিত একটি যৌথ শিল্পপার্ক থেকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার অন্তত ১১ জন কর্মকর্তাকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া।
দুই কোরিয়ার মধ্যকার সহযোগিতা ও সংহতির প্রতীক হিসেবে সিউল থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে উত্তর কোরিয়ার ভূখণ্ডে এ শিল্পপার্ক প্রতিষ্ঠিত হয়। এখানে দক্ষিণ কোরিয়ার প্রায় ৭০টি কারখানা রয়েছে এবং এতে উত্তর কোরিয়ার প্রায় ২৩ হাজার শ্রমিক কাজ করছে। এসব কারখানায় পোশাক, জুতা, ঘড়ি ও অন্যান্য জিনিস তৈরি করা হয়।
উত্তর কোরিয়ার এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবারই দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রী কিম হু-নাইউন এ বিষয়ে বলেন, কায়েসং শিল্পপার্কে দায়িত্বরত ১৩ জন ব্যবস্থাপকের ১১ জনকেই বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, "সরকার উত্তর কোরিয়ার এ পদক্ষেপে গভীর দুঃখ বোধ করছে।"
দক্ষিণ কোরিয়ার এসব কর্মকর্তাকে বহিষ্কারের সুনিদিষ্ট কোনো কারণ জানায়নি উত্তর কোরিয়া। তবে এ বিষয়টি এমন সময়ে ঘটল যার আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল যে, শিল্প এলাকাটির অগ্রগতি নির্ভর করছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের পদক্ষেপের অগ্রগতির ওপর।
বিবিসি জানিয়েছে, বহিষ্কার সত্ত্বেও ৭০টি কারখানার সব কটিতেই উৎপাদন অব্যাহত থাকবে।
কায়েসং শিল্প এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়টি গত কয়েক বছরের মধ্যে উত্তর কোরিয়ার তার সম্পদশালী প্রতিবেশীর বিরুদ্ধে সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার "কোরিয়া ইনিস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন" এর বিশেষজ্ঞ পার্ক ইয়ং-হু বলেন, "উত্তর কোরিয়ার এ পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার নতুন সরকারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা।"
বহিষ্কার সংক্রান্ত উত্তর কোরিয়ার এ পদক্ষেপের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইউং-বাক একটি জরুরি বৈঠক ডেকেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫০৪ ঘ.
bdnews24