ইসলামাবাদ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পার্লামেন্ট সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চলেছে। সাধারণ নির্বাচনের পাঁচ সপ্তাহ পর প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু হল। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)'র মনোনীত প্রার্থী সাবেক স্পিকার ইউসুফ রাজা গিলানিই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় বিকাল ৪ টায় পার্লমেন্টে ভোট গ্রহণ শুরু হবে। ভোটে গিলানি পাভেজ মুশাররফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) এর শীর্ষ নেতা চৌধুরী পারভেজ এলাহির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন।
গত ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পিপিপি বেশিরভাগ আসনে বিজয়ী হয়। কিন্তু সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে পিপিপি নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল মুসলিম লীগের (এন) সঙ্গে সমঝোতায় আসে।
পিপিরি এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, "আমরা আশা করছি গিলানি জিতবেন। তিনি পিএমএল ছাড়া আর সবদলের সর্বসম্মত প্রার্থী। সব দলই তাকে সমর্থন দিচ্ছে।"
প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি যতদিন না উপনির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের সদস্য হচ্ছেন ততদিনের জন্য জন্য ইউসুফ রাজা গিলানিকেই পিপিপি প্রধানমন্ত্রী পদে রাখতে চায় বলে জল্পনা-কল্পনা রয়েছে। জারদারি পার্লামেন্টের সদস্য হলে তিনিই হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তবে সোমবার সংবাদত্র প্রকাশিত এক বিবৃতিতে জারদারি এ ধারনা বাতিল করে দিয়ে বলেছে, গিলানি পুরো পাঁচ বছরের জন্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৬ঘ.
bdnews24