ইসলামাবাদ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীসহ গৃহবন্দি আরও ৯ জন বিচারক এ সপ্তাহেই আটকাবস্থা থেকে মুক্তি পাচ্ছেন বলে আশা করা হচ্ছে।
মুশাররফ গত বছর মার্চে ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করেন এবং পরে জুলাই মাসে সুপ্রিম কোর্ট পুনরায় তাকে স্বপদে পুনর্বহাল করে। ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর তাকে আদালত থেকে অপসারণ করা হয় এবং তখন থেকেই মুশাররফ ইফতিখারসহ বাকী বিচারকদের আটক করে রাখেন।
পার্লামেন্টে সোমবার পিপিপি নেতা ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা এবং মঙ্গলবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তাকে শপথ পাঠ করানোর মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরুর পরপরই আটক বিচারকদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট বার কাউন্সিল এসোসিয়েশনের সভাপতি আইতজাজ আহসান সোমবার বলেছেন, "আগামী কয়েকদিনের মধ্যে আমরা যে নাটকীয় ঘটনার আশা করছি তা হল, প্রধান বিচারপতির মুক্তি।"
নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট জাভেদ হাশমি বলেছেন, "নতুন প্রধানমন্ত্রী আগামীকাল শপথ নেবেন এবং আগামীকালই বিচারকদের মুক্তি দেওয়া উচিৎ।"
গত বছরের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে মুশাররফ প্রেসিডেন্ট হিসেবে তার তার পুননির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। কেননা, বিদায়ী পার্লামেন্টের মাধ্যমে তার আবারও প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট তাকে আটকে দিতে পারত। ছয় সপ্তাহ পর জরুরি অবস্থা তুলে নেওয়া হলেও আটক বিচারকদের মুক্তি দেননি মুশাররফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০১ ঘ.
bdnews24