জেরুজালেম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ইয়েমেনে স্বাক্ষরিত হামাস-ফাতাহ সংহতি চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। চেনি বলেন, হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওই দলের সঙ্গে সংহতি স্থাপনে রাজি হবেন বলে তিনি বিশ্বাস করেন না।
ইয়েমেনের মধ্যস্থতায় রাজধানী সানায় আব্বাসের দল ফাতাহ এবং ফিলিস্তিনি গেরিলা দল হামাসের মধ্যে স্বাক্ষরিত সংহতি চুক্তির একদিন পর জেরুজালেমে সাংবাদিকদের কাছে চেনি ওই মন্তব্য করেন। ওই চুক্তিতে দুপক্ষ ইয়েমেনের মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরু করতে রাজি হয়েছে।
চেনি বলেন, "ফিলিস্তিনি নেতাদের সঙ্গে কথা বলে আমি এই উপসংহারে পৌঁছেছি যে, তারা কিছু শর্ত জুড়ে দিয়েছে এবং কোনোরকম সংহতি স্থাপনের আগে হামাসকে এ শর্ত মেনে নিতে হবে। আর তা হচ্ছে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া।"
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা এগিয়ে নিতে তিনদিনব্যাপী মধ্যপ্রাচ্য সফররত চেনি সোমবার অধিকৃত পশ্চিম তীরে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে দেখা করেন। ইয়েমেনের রাজধানী সানায় হামাস-ফাতাহ ঘোষণার পরপরই এই সাক্ষাৎ করেন চেনি।
সরাসরি আলোচনা শুরুর অঙ্গীকার করে ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহ রোববার সংহতি চুক্তি সই করে।
হামাসের পক্ষে প্রধান আলোচক মুসা আবু মারজুক এবং ফাতাহ'র ঊর্ধ্বতন কর্মকর্তা আজম আল-আহমেদ চুক্তি সই করেন। এতে ফিলিস্তিনি জনগণের একতা, আঞ্চলিক ও প্রশাসনিক সংহতির প্রতিশ্র"তি দেওয়া হয়।
সানা ঘোষণায় বলা হয়, "গাজার ঘটনার আগে ফিলিস্তিন যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসার জন্য আলোচনা শুরু করতে ইয়ামেনের মধ্যস্থতায় আমরা হামাস ও ফাতাহ'র প্রতিনিধিরা রাজি।"
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র মধ্যস্থতায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া আলোচনা এর আগে কয়েক দফায় ভেঙে যায়।
উল্লেখ্য, ফাতাহকে লড়াইয়ে হারিয়ে গত বছর জুনে গাজার দখল নিয়ে নেয় হামাস। এর পর থেকে পুরো ফিলিস্তিন এলাকা প্রশাসনিকভাবে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিত তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বসের ফাতাহ গ্র"পের শাসন চললেও গাজা এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে হামাস।
ফিলিস্তিনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা অনুযায়ী, দুপক্ষকে সরাসরি আলোচনা শুরুর জন্য চাপ দিয়ে আসছিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ।
কিন্তু ফাতাহ দাবি করে আসছে, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪১ ঘ.
bdnews24