২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বত পরিস্থতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শ্যাভেজ

তিব্বতে দুই সপ্তাহব্যাপী সংঘর্ষকে চীনকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হিসেবে উল্লেখ করে এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

কারাকাস, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিব্বতে দুই সপ্তাহব্যাপী সংঘর্ষকে চীনকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হিসেবে উল্লেখ করে এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ । শ্যাভেজ বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র যে চীনের বিপক্ষে কাজ করছে তিব্বতের বিক্ষোভ এরই উদাহরণ। একইসঙ্গে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এশিয়ার শক্তি কেন্দ্রকে ভাগ করার চেষ্টা করছে। প্রেসিডেন্টের জনসংযোগ দপ্তর থেকে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এসব মন্তব্য প্রকাশ করা হয়। তিব্বতে ১০ মার্চ শুরু হওয়া ওই সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে বলে স্বীকার করেছে চীন সরকার। কিন্তু বিক্ষোভকারী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। অলিম্পিকের ঠিক আগে তিব্বতের এ বিক্ষোভ ও প্রাণহানি নিয়ে বিশ্বজুড়ে কড়া সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে চীনকে। ১৯৫০ সালে এক সামরিক আগ্রাসনের মাধ্যমে বৌদ্ধ অধ্যুষিত তিব্বত দখল করে নেয় চীন। ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশ তিব্বতের এই বিক্ষোভকে দালাই লামার নেতৃত্বে ওয়াশিংটন সমর্থিত একদল রক্ষণশীল ভিক্ষুর আন্দোলন বলে মনে করছে। শ্যাভেজ সবসময়ই ওয়াশিংটনের সমালোচনা করে আসছেন এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বদলে সমতা আনতে বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। এছাড়াও শ্যাভেজ কসোভোকে ইউরোপে যুক্তরাষ্ট্রের আরোপিত রাষ্ট্র আখ্যা দিয়ে একে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অসম্মতি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০৮ ঘ.