ইসলামাবাদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শনিবার জাতীয় পরিষদের সাবেক স্পিকার ইউসাফ রাজা গিলানিকে মনোনীত করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য আগামী সোমবার জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পিপিপি'র ভাইস চেয়ারম্যান গিলানি সেখানে দলের এবং জোটের সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।
গত ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পিপিপি বেশিরভাগ আসনে বিজয়ী হয়। কিন্তু সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে পিপিপি নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল মুসলিম লীগের (এন) সঙ্গে সমঝোতায় আসে।
গত ডিসেম্বর মাসে আত্মঘাতী হামলায় পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির নিহত হওয়ার পর পিপিপির প্রধান হিসেবে দায়িত্ব পান জারদারি। কিন্তু দুর্নীতির মামলা থাকায় তিনি নির্বাচন করতে পারেননি। যে কারনে দেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য না হয়ে তিনি প্রধানমন্ত্রী হতে পারছেন না এটা নিশ্চিত ছিল। তাছাড়া তিনি জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তার নেই।
নওয়াজ ও প্রয়াত বেনজিরের দলের এ জোট প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১০ ঘ.
bdnews24