২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে ক্ষেপণাস্ত্র সরানোর আহ্বান তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের

তাইওয়ানকে লক্ষ্য করে মোতায়েন রাখা ক্ষেপণাত্র সরিয়ে নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মা ইয়াং-জিও। শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েই তিনি এই আহ্বান জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

তাইপেই, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানকে লক্ষ্য করে মোতায়েন রাখা ক্ষেপণাত্র সরিয়ে নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মা ইয়াং-জিও। শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েই তিনি এই আহ্বান জানালেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে মা জানান, দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর আগেই চীনকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নিতে হবে। তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার পরই তিনি চীনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করবেন। মা বলেন, "আমরা চাই শান্তি আলোচনা শুরুর আগেই ওই হুমকি সরিয়ে নেওয়া হোক।" শিগগির চীন সফরের কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানান। তাইওয়ান জানিয়েছে, চীন তাদের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ন্যাশনালিস্ট পার্টির প্রার্থী মা ইয়াং-জিও ৫৮ শতাংশ ভোট পেয়েছেন এবং ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি'র প্রার্থী ফ্রাঙ্ক হেসিয়েহ পেয়েছেন ৪২ শতাংশ ভোট। মা চীনপন্থি হিসেবে পরিচিত। তার এই বিজয়ে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান নিজেদের একটি আলাদা দেশ হিসেবে দাবি করে আসলেও চীন এখনও তাইওয়ানকে নিজেদের অংশ বলেই মনে করে। তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের চেষ্টা এবং স্বাধীনতার পক্ষে যে কোনো পদক্ষেপ রুখতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে বলেও বারবার হুমকি দিয়ে আসছে চীন। চীনপন্থী হিসেবে পরিচিত মা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও সমস্যা নিরসনে আলোচনার পক্ষে। গত জানুয়ারিতে পার্লামেন্ট নির্বাচনে ন্যাশলাস্টিদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে এই বিজয়ে অর্থনৈতিক নীতি বাস্তবায়নে এবং যে কোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তারা একক ক্ষমতা ভোগ করবে। ন্যাশনালিস্টরা এক সময় পুরো চীন শাসন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০০ ঘ.