তাইপেই, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তাইওয়ানে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রধান বিরোধীদল ন্যাশনালিস্ট পার্টির প্রার্থী মা ইয়াং-জিও বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। চীনপন্থি হিসেবে পরিচিত এই দলের বিজয়ে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
আনুষ্ঠানিক ফলাফলে নির্বাচন কমিশন জানিয়েছে, মা ইয়াং-জিও ৫৮ ভাগ ভোট পেয়েছেন এবং ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি'র প্রার্থী ফ্রাঙ্ক হেসিয়েহ পেয়েছেন ৪২ ভাগ ভোট।
হেসিয়েহ পরাজয় স্বীকার করে মাকে অভিনন্দন জানিয়েছেন।
দলীয় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি সত্যিই দুঃখিত। এটা তাইওয়ানের পরাজয় নয়, এটা আমার ব্যক্তিগত পরাজয়। কাজেই আপনারা দুঃখ করবেন না।"
অন্যদিকে ফলাফল ঘোষণার আগে থেকেই উল্লাসে মেতেছে ন্যাশনালিস্ট পার্টির কর্মী-সমর্থকরা। আতশবাজী পুড়িয়ে তারা বিজয় উৎসব করছে রাজপথে, শহরে, গ্রামে।
তাইপেই'র একটি উপশহরে মা ইয়াং জিও উল্লসিত সমর্থদের উদ্দেশ্যে বলেন, "এটা আমাদের জয় নয়, ন্যাশনালিস্টদেরও জয় নয়।"
তিনি আরও বলেন, "তাইওয়ানের মানুষ চায় দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সরকার। তাদের আশা একটি সমৃদ্ধশালী অর্থনীতি। মানুষ যুদ্ধ চায় না, চায় শান্তি।"
১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান নিজেদের একটি আলাদা দেশ হিসেবে দাবি করে আসলেও চীন এখনও তাইওয়ানকে নিজেদের অংশ বলেই মনে করে। তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের চেষ্টা এবং স্বাধীনতার পক্ষে যে কোনো পদক্ষেপ রুখতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে বলেও বরাবরই হুমকি দিয়ে আসছে চীন।
চীনপন্থী হিসেবে পরিচিত মা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও সমস্যা নিরসনে আলোচনার পক্ষে।
গত জানুয়ারিতে পার্লামেন্ট নির্বাচনে ন্যাশলাস্টিদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে এই বিজয়ে অর্থনৈতিক নীতি বাস্তবায়নে তারা একক ক্ষমতা পেল। ন্যাশনালিস্টরা এক সময় পুরো চীন শাসন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১০ ঘ.
bdnews24