লন্ডন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'ম্যান অব অল সিজনস' খ্যাত অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেতা পল স্কফিল্ড বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার এক প্রতিনিধি বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
প্রতিনিধি রোজালিন্ড ছাত্তো জানান, স্কফিল্ড দক্ষিণ ইংল্যান্ডে তার বাড়ির কাছের একটি হাসপাতালে বুধবার মারা গেছেন।
ছাত্তো বলেন, "তিনি দীর্ঘ দিন ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন। বেশ কিছুদিন থেকে তার শরীর মোটেও ভাল যাচ্ছিল না।'
'ম্যান অব অল সিজনস' ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ স্কফিল্ড ১৯৬৬ সালে অস্কারে সেরা অভিনেতার পুরষ্কার পান। এ ছবিতে তিনি ক্যাথলিক শহীদ স্যার থমাস মুরের চরিত্রে অভিনয় করেন। যিনি নৈতিকতার সঙ্গে আপোস না করে কিং অষ্টম হেনরির আদেশে প্রাণ বিসর্জনের পথ বেছে নিয়েছিলেন।
লেখক রবার্ট বোল্ট তার নাটক থেকে 'ম্যান অব অল সিজনস' ছবিটি বানান। ওই নাটকে থমাস মুরের চরিত্রে লন্ডন ও নিউ ইয়র্কে অভিনয় করেন স্কফিল্ড।
এছাড়াও শেক্সপিয়ারের কিং লেয়ার থেকে শুরু করে বিখ্যাত কমেডি ছবি 'স্টেয়ারকেস' এর সমকামী নাপিত চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য মরেও অমর হয়ে থাকবেন স্কফিল্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24