নমপেন, মার্চ ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কম্বোডিয়ার সাবেক খেমাররুজ শাসক পল পটের ২য় শীর্ষ সহযোগী নুওন চেয়ার জামিন আবেদন বৃহস্পতিবার নাকচ করেছে 'কিলিং ফিল্ডস' ট্রাইব্যুনাল। ১৯৭০ এর দশকে খেমাররুজ শাসনামলে পলপটের ডানহাত ছিলেন নুওন চেয়া।
চেয়ার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমাররুজদের গণহত্যায় অভিযুক্তদের বিচার করছে জাতিসংঘ সমর্থিত বিশেষ ট্রাইবুনাল 'কিলিং ফিল্ডস'।
কিলিং ফিল্ডস আদালতে জামিনের আবেদনে নুওন চেয়া জানিয়েছিলেন, তিনি দেশ ছাড়বেন না এবং সম্ভাব্য স্বাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না।
তিনি আদলতকে আরও জানিয়েছিলেন, তার নিরাপত্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ কয়েক বছর ধরে তিনি থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি বনে নিজের বাড়িতে শান্তিতেই বাস করে এসেছেন।
কম্বোডিয়ায় ১৯৭৫-১৯৭৯ সাল পর্যন্ত খেমাররুজ শাসনামলে প্রায় ১৭ লাখ লোক নির্মমভাবে নিহত হয়। অভিযোগ রয়েছে, পলপটের খেমাররুজ বাহিনীর সরাসরি হত্যাযজ্ঞ কিংবা তাদের বর্বরোচিত নির্যাতনের ফলে এবং খাদ্যাভাব ও রোগাক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় এদের মৃত্যু হয়।
খেমাররুজদের অত্যাচার, নির্যাতনের জন্য কুখ্যাত নম পেনের তউল স্লেং কিংবা এস -২১ নির্যাতন কেন্দ্র। এই কেন্দ্রটির প্রধান ছিলেন দুচ ওরফে কাং কেক ইউ। দুচের অন্যতম সহযোগী ছিলেন নুওন চেয়া।
তউল স্লেং নামে খ্যাত কাঁটাতারের বেড়া দেওয়া ওই নিপীড়ন কেন্দ্রে সব মিলিয়ে প্রায় ১৪,০০০ মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। এদের মধ্যে মাত্র ১০/১২ জন ভাগ্যবান ব্যক্তিই কয়েকবছর ধরে চালানো ওই নির্যাতন থেকে বেঁচেছেন।
আশা করা হচ্ছে, নুওন চেয়ার বিচারে প্রধান স্বাক্ষী করা হতে পারে দুচকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24