জেরুজালেম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী জন ম্যাককেইন বলেছেন, প্রেসিডেন্ট বুশের মেয়াদ শেষে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ তিনি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েল সফররত ম্যাককেইন বুধবার এক সংবাদ সম্মেলনে জেরুজালেমে একথা বলেছেন।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাককেইন জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে টেলিফোনে আলাপ করেছেন তিনি।
ম্যাককেইন বলেন, "আমি এরপরও বিশ্বাস করি যে প্রেসিডেন্ট আব্বাস এ প্রক্রিয়াটি (শান্তি চুক্তি) এগিয়ে নিতে চান।"
তিনি জানান, গাজা উপত্যকার অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত থেকে রকেট হামলা নিয়ে ইসরায়েলের উদ্বেগের বিষয়টি আব্বাসের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
তিনি বলেন, "আমি বিশ্বাস করি, গাজায় যা হচ্ছে তা সমর্থন করেন না তিনি। আমি জানি যুক্তরাষ্ট্র সরকার এ ধরনের আন্ত:সীমান্ত সহিংসতা বন্ধে প্রতিশ্র"তিবদ্ধ।"
ম্যাককেইন এবং তার সফরসঙ্গী কানেকটিকাটের স্বতন্ত্র সিনেটর জো লিবারম্যান ও সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বুধবার বিকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে দেখা করতে পারেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
৭১ বছর বয়সী সাবেক বৈমানিক ও ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক মার্কিন সেনা সিনেটর জন ম্যাককেইন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পরপরই মধ্যপ্রাচ্য সফরে এলেন। এ সফরকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সফর বলে অভিহিত করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24