২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"তিব্বতে জীবন-মরণ সংগ্রাম চলছে"

তিব্বতে দালাই লামার সঙ্গে 'জীবন-মরণ' সংগ্রাম চলছে বলে জাতিকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। দালাই লামা বিক্ষোভে মদদ দিচ্ছেন বলে চীনা প্রধানমন্ত্রীর অভিযোগের পর বুধবার এ মন্তব্য করলেন চীনের কমিউনিস্ট পার্টির তিব্বত শাখার সাধারণ সম্পাদক ঝাং কিংলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 08:02 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

বেইজিং, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিব্বতে দালাই লামার সঙ্গে 'জীবন-মরণ' সংগ্রাম চলছে বলে জাতিকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। দালাই লামা বিক্ষোভে মদদ দিচ্ছেন বলে চীনা প্রধানমন্ত্রীর অভিযোগের পর বুধবার এ মন্তব্য করলেন চীনের কমিউনিস্ট পার্টির তিব্বত শাখার সাধারণ সম্পাদক ঝাং কিংলি। তিব্বতিদের বিক্ষোভ দমন করে সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় সেনা মোতায়েন এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে দেশটি। কমিউনিস্ট পার্টির তিব্বতি নেতা ঝাং কিংলি বলেছেন, "দালাই লামার অনুসারীদের সঙ্গে রক্ত আর আগুন, জীবন আর মরণের এক ভয়াবহ সংগ্রামে জড়িয়ে পড়েছি আমরা।" ঝাং কিংলি বলেন, " গোটা দেশের সব নেতার এ ক্রান্তিকালের জটিলতা এবং এ সংগ্রামের দীর্ঘমেয়াদী প্রকৃতি গভীরভাবে উপলব্ধি করতে হবে।" একইসঙ্গে ওই অঞ্চলে কেন্দ্রের আরও বৃহত্তর রাজনৈতিক নিয়ন্ত্রণেরও আহ্বান জানান তিনি। তিনি বলেন, "আমাদের অবশ্যই আরও গভীরভাবে জাতীয়তাবাদী শিক্ষার বিস্তার ঘটাতে হবে এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ক্ষমতার ভিত তৈরী করতে হবে।" আগস্ট মাসে অলিম্পিক গেমস শুরুর আগেই তিব্বতের রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৪৩ ঘ.